ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আত্মপ্রকাশ করল রেড ফেমিনিস্ট ব্লক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ জুন, ২০২৬ ০৯:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


আত্মপ্রকাশ করল রেড ফেমিনিস্ট ব্লক

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীতে স্মরণসভা ও নতুন নারীবাদী রাজনৈতিক প্লাটফর্ম ‘রেড ফেমিনিস্ট ব্লক’র আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।

 

‘কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর স্মরণ এবং রেড ফেমিনিস্ট ব্লক-এর আত্মপ্রকাশ’ শীর্ষক এ কর্মসূচিতে বক্তারা কল্পনা চাকমা অপহরণ মামলার বিচার দাবি এবং নিপীড়িত জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে নারীবাদী ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীতের মাধ্যমে সভার উদ্বোধন করা হয়।

রেড ফেমিনিস্ট ব্লকের সদস্য তমশ্রী দাশ তমার সঞ্চালনায় অনুষ্ঠানে কল্পনা চাকমার ডায়েরি থেকে অংশবিশেষ পাঠ করেন ফারজানা বহ্নি। কল্পনা চাকমার সংগঠন হিল উইমেনস ফেডারেশনের পক্ষ থেকে সাংগঠনিক বক্তব্য দেন রুপসী চাকমা এবং বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিয়াহ মাহমুদা তিন্নী।

এছাড়া অস্ট্রেলীয় নারীবাদী জোয়েস স্টিভেনসের কবিতা ‘কেন নারীবাদী আন্দোলন’ আবৃত্তি করেন মারজিয়া প্রভা ও সংগীত পরিবেশন করেন ওয়ারদা আশরাফ।

 

বক্তারা বলেন, রেড ফেমিনিস্ট ব্লক বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশা, জাতিসত্তা ও লৈঙ্গিক পরিচয়ের মানুষের সমন্বয়ে গড়ে ওঠা একটি নারীবাদী রাজনৈতিক প্লাটফর্ম।

সংগঠনটি নিজেদের কর্পোরেটবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী এবং স্বাধীন নারীবাদী প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তাদের লক্ষ্য হলো লৈঙ্গিক মুক্তির সংগ্রামকে জনগণের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করে সব ধরনের শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। একইসঙ্গে প্রচলিত নয়া-ঔপনিবেশিক ও উদারবাদী নারীবাদের বিপরীতে জনগণের নারীবাদী রাজনীতির ভিত্তি প্রতিষ্ঠার কথাও তুলে ধরা।

 

এ প্রসঙ্গে তানিয়াহ মাহমুদা তিন্নী বলেন, পাহাড়ি নারীদেরকে একদিকে নারী মুক্তির আন্দোলন করতে হয়, অন্যদিকে পাহাড়ি নারী হিসেবে নিজেদের জাতিসত্তার মুক্তির সংগ্রামেও অংশ নিতে হয়। তিনি বলেন, ভিন্ন পরিচয় ও ভিন্ন অভিজ্ঞতার লৈঙ্গিকভাবে নিপীড়িত সকল মানুষকে ঐক্যবদ্ধ করে নারীবাদী আন্দোলনকে এগিয়ে নিতে আমাদের সংগঠন প্রতিশ্রুতিবদ্ধ।

হিল উইমেনস ফেডারেশনের সংগঠক রুপসী চাকমা কল্পনা চাকমা অপহরণ মামলার বিচারহীনতার সমালোচনা করে বলেন, দীর্ঘ ২৮ বছর তদন্তের নামে প্রহসনের পর ২০২৫ সালে রাঙামাটি আদালত মামলাটি খারিজ করে দেয়। তিনি অভিযোগ করেন, কল্পনা চাকমার পরিবারের সদস্যরা একাধিকবার অপহরণকারীদের পরিচয় উল্লেখ করলেও রাষ্ট্র এখনো দায়ীদের বিচারের আওতায় আনতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে আলোচিত কিছু মামলার অগ্রগতির উদাহরণ টেনে তিনি কল্পনা চাকমা অপহরণ মামলাও একদিন ন্যায়বিচারের মুখ দেখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে রেড ফেমিনিস্ট ব্লকের সদস্যরা সংগঠনের রাজনৈতিক ইশতেহার পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন।


   আরও সংবাদ