ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রতিশোধ নিলে আমার ভাঙা হাড় জোড়া লাগবে না

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ জুন, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪২ বার


প্রতিশোধ নিলে আমার ভাঙা হাড় জোড়া লাগবে না

ব্যক্তিগত ক্ষোভ, প্রতিশোধ কিংবা অতীতের নির্যাতনের হিসাব মেলানোর পরিবর্তে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশের বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাইকে বৃহত্তর জাতীয় স্বার্থে চিন্তা করতে হবে।

 

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

তারেক রহমান বলেন, সাংবাদিক সমাজের অনেকেই অতীতের দুঃসময়ে ঝুঁকি নিয়ে কাজ করেছেন। যেমন বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন ও কারাভোগের শিকার হয়েছেন, তেমনি অনেক সাংবাদিকও নানা ধরনের চাপ ও ঝুঁকির মুখোমুখি হয়েছেন।

 

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা কী হয়েছে, কেন হয়েছে, আপনারা ভালো করেই জানেন। স্বাভাবিকভাবে এটা একটা আবেগের বিষয়।

যারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের জন্য কিছু করার দাবি যেমন আপনাদের ভেতর থেকে এসেছে, তেমনি আমাদের দলের লাখো নেতাকর্মীর মনেও সেই অনুভূতি রয়েছে।

 

তবে ব্যক্তিগতভাবে এ বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেন উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি নিজেও কারাবরণ করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

 

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। এখনো এক্স-রে করলে দেখা যাবে আমার পিঠের একটি হাড় বাঁকা হয়ে জোড়া লেগে আছে। কারণ নির্যাতনের পর দীর্ঘ সময় সঠিক চিকিৎসা পাইনি।

এরপর তিনি প্রশ্ন রাখেন, যারা এটার জন্য দায়ী, আমি যদি তাদের সঙ্গে একই আচরণ করি, তাহলে কি আমার হাড় জোড়া লাগবে? আমার হাড় তো জোড়া লাগবে না। আমি যে কষ্ট অনুভব করি, সেটাও দূর হবে না।

তারেক রহমান বলেন, এ কারণেই প্রতিশোধের মানসিকতা থেকে সমাজ ও রাজনীতিকে বেরিয়ে আসতে হবে। অতীতের ক্ষত নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে তাকানো প্রয়োজন।

তিনি বলেন, আপনি এখনো বেঁচে আছেন, চলছেন, আপনার পরিবার-পরিজনের সঙ্গে আছেন, আল্লাহর দেওয়া আলো-বাতাস উপভোগ করছেন। আমার মনে হয়, আমাদের চিন্তা করা উচিত দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা কী অবদান রাখতে পারি।

ব্যক্তিগত ক্ষতি, প্রাপ্তি কিংবা প্রতিদানের চিন্তা থেকে সরে এসে জাতীয় উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী  বলেন, আমার এটা হয়েছে, ওটা হয়েছে, এর বদলে আমাকে এটা পেতে হবে-এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।

একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার এই বার্তা যেন দলের নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়া হয়।


   আরও সংবাদ