ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১৪:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার
ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সাখাওয়াত হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে প্রবেশ করে ভাঙা বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন।
এ সময় পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেখানে প্রবেশ করে ছবি-ভিডিও ধারণের কোনো সন্তোষজনক কারণ দেখাতে পারেননি।
পরে তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ধানমন্ডি মডেল থানায় নেওয়া হয়।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, আটক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণ করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন দেখতে চাইলে তিনি সেটি দিতে অস্বীকৃতি জানান।
এসআই আরিফ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”