ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
নিউমার্কেট এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধানে নতুন প্রকল্প প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সোমবার (১৩ জুলাই) বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দুই হলের জলাবদ্ধতার সমস্যা পর্যবেক্ষণ করেন।
পরে তিনি এ প্রকল্পের কথা জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি-নিউমার্কেট এলাকার পানি বের হওয়ার রাস্তা ছিল বিডিআর এলাকার ভেতর দিয়ে।
বিডিআর ট্রাজেডির পরে রাস্তাটি বন্ধ হওয়ায় জলাবদ্ধতা বেড়েছে। সরকার রাষ্ট্রক্ষমতায় আসার পর আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করলে তিনি এ বিষয়ে জোর দেন।
এখানে আমরা নতুন একটি প্রকল্প নিয়েছি, যেটি তিনি অনুমোদন করেছেন। তবে এটি কার্যকর হতে বছর দুয়েক লাগতে পারে।
আশা রাখি আগামী বর্ষায় এই এলাকার নারী শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমবে।
আবদুস সালাম বলেন, গতকাল আমি যখন পানির মধ্য দিয়ে আসছিলাম, দেখেছি, ড্রেনগুলোতে হাজার হাজার পলিথিন; এমনকি লেপ-তোষক ড্রেনে ছিল। ঢাকা শহর অপরিকল্পিতভাবে বিকাশ হওয়ায় খাল-ড্রেন ভরাট হয়ে গেছে। তাই আমাদের পানি নিষ্কাশনের রাস্তা একমাত্র ড্রেন ব্যবস্থা ছাড়া কিছু নেই। এবার দ্রুত বর্ষা চলে এসেছে। বর্ষার পর আমরা খাল খনন করব। পানি নিষ্কাশনের জন্য বুড়িগঙ্গা বা শীতলক্ষ্যায় পানি নেয়ার পরিকল্পনা আগে নেয়া হয়নি। এবার আমরা তা শুরু করব।
তিনি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের ব্যাপারে জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়ার হাত থেকে রক্ষা পেতে আমরা জরিপ করে দেখেছি কোথায় কোথায় এর প্রকোপ বেশি হয়। সে অনুযায়ী আমরা চেষ্টা করছি সেসব জায়গায় পানি জমাট বেঁধে লার্ভা যাতে সৃষ্টি না হয়।
ডিএসসিসি প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের জন্যে দুটি ফগার মেশিন দেওয়ার ঘোষণা দেন। আবারও পানি জমাট বাঁধলে পাম্প করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের প্রতি পলিথিন বন্ধ করায় সামাজিক সচেতনতা তৈরি করার পরামর্শ দেন তিনি।