ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ ১৪:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার
ঢাকা: করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২২ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শপথ জানান, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে সিস্টেমটি করদাতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিগত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন।
অনলাইন সিস্টেম ব্যবহারে করদাতাদের এ অভূতপূর্ব সাড়া প্রমাণ করে দেশের মানুষ এখন ঘরে বসেই স্বাচ্ছন্দ্যে বাৎসরিক আয়কর রিটার্ন দাখিল করতে বেশি আগ্রহী।
বিশেষ আদেশের মাধ্যমে এনবিআর সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
তবে কয়েকটি ক্ষেত্রে এ নিয়মে ছাড় দেওয়া হয়েছে।
৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনানুগ প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এ ছাড় পাবেন।
এসব শ্রেণির করদাতারা অনলাইনের পরিবর্তে কাগজে কলমে (পেপার রিটার্ন) দাখিল করতে পারবেন। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো জটিলতার কারণে অন্য কোনো সাধারণ করদাতা অনলাইনে রিটার্ন দাখিলে সমর্থ না হলে, সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদন সাপেক্ষে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.etaxnbr.gov.bd) গিয়ে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ কিংবা যেকোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। তথ্যাদি সঠিকভাবে প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন দাখিল করার পরপরই করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।
ই-রিটার্ন দাখিলে কোনো ধরনের সমস্যা হলে তা সমাধানের জন্য এনবিআর কাস্টমার কেয়ার সেবা চালু রেখেছে। সরকারি ছুটি ব্যতীত অফিস চলাকালীন কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করে কিংবা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি পরামর্শ ও সেবা নেওয়া যাবে।
সময়মত রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা
এনবিআর জানিয়েছে, ২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) প্রণোদনা পাবেন। তবে সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা মিলবে না। উল্টো ডিসেম্বর মাসের পর রিটার্ন জমা দিলে গুনতে হবে অতিরিক্ত কর।
তাই নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিল করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।