স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
অবশেষে ক্যামেরন গ্রিনের প্রতিরোধ ভাঙলেন হাসান মাহমুদ। ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটার।
গ্রিনের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ইনিংস দ্রুতই শেষ হয়ে যায়। গ্রিনের দারুন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে।
তাতে করে ডারউইন টেস্ট জিততে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য মাত্র ৫৭ রান।
লাঞ্চের আগে মিচেল স্টার্কের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের প্রথম ইনিংসের লিড পার করিয়েছিলেন গ্রিন।
বিরতির পর তাসকিন স্টার্ককে ফিরিয়ে জুটি ভাঙলেও গ্রিন তখনও ছিলেন অটল। একের পর এক সতীর্থকে হারিয়েও লেজের ব্যাটারদের নিয়ে দলকে টেনে নেন তিনি।
শেষ পর্যন্ত ১৯২ বলে সেঞ্চুরি পূর্ণ করা গ্রিন থামেন ১০৪ রানে। তাঁর ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি। গুরুত্বপূর্ণ সময়ে এই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন তিনি। হাসানের একটু নিচু হয়ে আসা ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন গ্রিন। অফ স্টাম্প লক্ষ্য করে করা বলটি নিচু হয়ে যাওয়ায় ঠিকভাবে ব্যাট নামাতে পারেননি তিনি। ব্যাটের নিচের অংশে লেগে বল চলে যায় স্টাম্পে। আউট হওয়ার আগে ২০১ বলে ৪ চার ও ১ ছক্কায় ১০৪ রানের ইনিংষ খেলেন মিডল অর্ডার এই ব্যাটার।
গ্রিনের আগে আগে ৩৪ বলে ১৮ রান করে স্টার্ককে ফিরিয়েছিলেন তাসকিন। অফ স্টাম্পের বাইরে লেংথের বল শরীর থেকে দূরে গিয়ে খেলতে চেয়েছিলেন স্টার্ক। ব্যাটের পাতলা কানায় লেগে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি।
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে সবচেয়ে বড় ধাক্কাগুলো অবশ্য দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অ্যালেক্স ক্যারি, বাউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে ইনিংসে চার উইকেট পূর্ণ করেন তিনি। শেষ ব্যাটার হিসেবে লায়নকে (১৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৫ উইকেট তুলে নেন মিরাজ। এটা তার টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফাইফার।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে গ্রিনের সেঞ্চুরিতে কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত সেই লিডকে খুব বেশি দূরে নিতে পারেনি স্বাগতিকরা।
এখন জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৫৭ রান। চার দিন ধরে দাপট দেখানো বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের দ্বারপ্রান্তে।