স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
একসময় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ ছিলেন তারা। বয়সের সঙ্গে পেরিয়ে গেছে অনেকটা সময়, জাতীয় দলেও একসঙ্গে খেলেছেন।
এবার সেই পুরনো সতীর্থদেরই আবার একসঙ্গে দেখা যাবে ক্রিকেট মাঠে। সাবেক বাংলাদেশি পেসার রুবেল হোসেন, নাসির হোসেন ও কামরুল ইসলাম রাব্বিরা যাচ্ছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের মঞ্চে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে রুবেল লিখেছেন, 'পুরনো সতীর্থ, নতুন মিশন, অনূর্ধ্ব-১৯ দলের সেই ব্যাচমেটরা আবার একসঙ্গে। যাচ্ছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস লেজেন্ডস খেলতে।
মাঠে আমাদের জন্য আপনাদের দোয়া আর ভালোবাসাটাই সবচেয়ে বড় শক্তি।'
রুবেলের পোস্টে আলাদা করে নাম না থাকলেও তার সঙ্গে থাকা পুরনো সতীর্থদের মধ্যে রয়েছেন নাসির হোসেন ও কামরুল ইসলাম রাব্বি ও রনি তালুকদার।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াডেই রুবেল ও নাসির ছিলেন। পরের বছর ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলেও দুজনের নাম ছিল।
সময়ের ব্যবধানে দুজনই বাংলাদেশের ক্রিকেটে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন। রুবেল দীর্ঘদিন জাতীয় দলের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই পেসার।
অন্যদিকে, নাসির হোসেন বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন। অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
রাব্বিও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা এই পেসার এবার লেজেন্ডস ক্রিকেটের মঞ্চে পুরনো সতীর্থদের সঙ্গে নতুন মিশনে নামছেন।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ২০২৬ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দল অংশ নিচ্ছে। জাতীয় দলের জার্সিতে বহু স্মৃতি ভাগ করে নেওয়া সেই প্রজন্মের ক্রিকেটারদের আবারও একই দলে দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।