আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার
কারাগারে থাকা ইমরান খানের মুক্তির দাবিতে আবারও রাজপথে বড় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগামী ৪ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে দীর্ঘমিছিলের ঘোষণা দিয়েছে দলটি।
এবার এই আন্দোলনের সামনে রয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা মঙ্গলবারের প্রতিবেদনে জানিয়েছে, ৩৭ বছর বয়সী আফ্রিদি এখন শুধু খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী নন, ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পিটিআইয়ের দাবি, তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ইমরান খানকে মুক্তি দিতে হবে। এই দাবিকে সামনে রেখে ইসলামাবাদমুখী মিছিলের প্রস্তুতি ঘিরে পাকিস্তান সরকার ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
আফ্রিদির অভিযোগ, তার দলের নেতাকর্মী ও নির্বাচিত প্রতিনিধিদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। চলতি মাসে তার দুই মন্ত্রীও হামলার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন।
পিটিআইয়ের ইসলামাবাদমুখী মিছিলটি প্রথমে গত রোববার হওয়ার কথা ছিল। তবে ইমরান খানের বোনদের গ্রেপ্তার এবং খাইবার পাখতুনখাওয়া থেকে রাজধানীতে প্রবেশের পথ বন্ধ করার সরকারি উদ্যোগের পর কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।
কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আত্মসমর্পণ হিসেবে দেখছেন না আফ্রিদি। তিনি বলেছেন, এটি রাজনৈতিক কৌশলের অংশ। তার ঘোষণা অনুযায়ী, ৪ অক্টোবর মিছিল হবে। পরদিন ৫ অক্টোবর ইমরান খানের জন্মদিনে ‘বিজয় দিবস’ পালন করা হবে।
সোহাইল আফ্রিদির রাজনৈতিক উত্থানও বেশ দ্রুত। ১৯৮৯ সালে খাইবার পাখতুনখাওয়ার বারায় জন্ম নেওয়া আফ্রিদি পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার সময় পিটিআইয়ের ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
২০২৫ সালের অক্টোবরে ইমরান খানের নির্দেশে আলী আমিন গান্দাপুরের জায়গায় তাকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী করা হয় বলে পিটিআই নেতৃত্ব জানিয়েছিল। দায়িত্ব নেওয়ার শুরুতে সামরিক অভিযান নিয়ে কঠোর অবস্থান নিলেও পরে তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে।
তবে রাজনৈতিক বিশ্লেষক আমের রাজা মনে করেন, আফ্রিদির বর্তমান অবস্থানকে সরাসরি অবস্থান পরিবর্তন বা আত্মসমর্পণ হিসেবে দেখা উচিত নয়।
ইমরান খান কারাগারে থাকায় পিটিআইয়ের রাজপথের আন্দোলনে আফ্রিদি এখন অন্যতম প্রধান মুখ। আগামী ৪ অক্টোবরের ইসলামাবাদমুখী কর্মসূচি তার জাতীয় রাজনীতিতে আরও বড় ভূমিকার ক্ষেত্র তৈরি করে কি না, সেদিকেও নজর রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা