ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে লড়বেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে এই সুযোগ পেয়েছেন তিনি।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে বসবে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন বাংলাদেশের এই প্রতিনিধি।

 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর চূড়ান্ত আয়োজন। সেখানেই সামিরা খান মাহিকে বিজয়ী ঘোষণা করা হয়।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

 

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি।

এরপর গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। দুজনের আলিঙ্গন এবং একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

 

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা খান মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের কারণে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন।0078

অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহিকে মুকুট পরিয়ে দেন তানজিয়া জামান মিথিলা। 

এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো সেরা ৩০-এ স্থান পাওয়া। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।

তার সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন সামিরা খান মাহি।


   আরও সংবাদ