ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
সাংবাদিকদের প্রতিবাদ ও আপত্তির মুখে চট্টগ্রামে আয়োজিত ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠানের অতিথির তালিকা থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। ঢাকার আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বাগ্বিতণ্ডার ঘটনার পর তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে আপত্তি ওঠে।
পরে গণমাধ্যমকর্মীদের অনুরোধে অতিথি তালিকা পরিবর্তনের সিদ্ধান্ত নেন আয়োজকরা।
শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।
তিনি জানান, আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমণির ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে পরীমণিকেও সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ পরিবর্তনের পর নতুন পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা।
খালেদ সুমন আরও জানান, অনুষ্ঠানে দেশীয় বিনোদন অঙ্গনের অনেক তারকা অংশ নেবেন। পরীমণির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস অথবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে অতিথি নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না হলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজার পরামর্শ দেন। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগ্বিতণ্ডা হয়। পরীমণি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমণি তার মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের মুঠোফোন ফিরিয়ে নেন।