আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে তিনি ‘কার্যত শেষ’ বলে মনে করছেন। ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠকের পর তিনি এ ইঙ্গিত দেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার চাপের মুখে রয়েছে ওয়াশিংটন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।
আর প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই মূলত তা করছি।
এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প।
বৈঠকের অগ্রগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সন্তোষ প্রকাশ করেন কাতারের প্রধানমন্ত্রী।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমরা অঞ্চলের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা বলেছি। সমঝোতায় পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য কৃতজ্ঞ।
তবে ট্রাম্প স্বীকার করেন, বর্তমান পরিস্থিতি বজায় রাখার অর্থ হলো ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখা। পাশাপাশি স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধ করার লক্ষ্যে সদ্য ঘোষিত টাস্কফোর্স আয়রন গেটের কার্যক্রমও চলবে।
ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্য দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষপাতী। তারা চায়, আমরা যেন এভাবেই থাকি। অন্য কথায়, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত থাকুক। সম্ভবত বিশ্বের ইতিহাসেও এটি সবচেয়ে বড় নৌ অবরোধ।
সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ইঙ্গিতও দেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত।
তিনি বলেন, সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো কারণে পদক্ষেপ নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।
ট্রাম্প আরও বলেন, ইরানের বিপদ ও হুমকি থেকে ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য সুরক্ষিত রয়েছে। আমরা এই সংঘাতের অবসানের দিকে অগ্রগতি দেখছি। আমার মনে হয়, খুব শিগগিরই এর সমাপ্তি ঘটবে।
সূত্র: আল-জাজিরা