ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানের ১১ প্রতিষ্ঠানের ওপর ফের নিষেধাজ্ঞা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


ইরানের ১১ প্রতিষ্ঠানের ওপর ফের নিষেধাজ্ঞা কানাডার

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে ভূমিকা রাখার অভিযোগে দেশটির ১১টি প্রতিষ্ঠানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ ঘোষণা দেন।

 

প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। 

কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অর্থায়ন এবং সংবেদনশীল প্রযুক্তি পাওয়ার সুযোগ সীমিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অনিতা আনন্দ বলেন, ‘কানাডার অবস্থান অত্যন্ত স্পষ্ট, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।’

বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য সংবেদনশীল কার্যক্রম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির কথিত ক্ষতিকর কর্মকাণ্ডে অর্থায়নে ভূমিকা রাখার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

এর আগে ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের পর ২০১৬ সালে এসব প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল কানাডা।

তবে অটোয়ার অভিযোগ, ইরান তার পারমাণবিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে বারবার অসহযোগিতা করেছে।

পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আগের প্রস্তাবগুলোর শর্তও যথাযথভাবে মেনে চলেনি তেহরান।

 

কানাডা সরকারের দাবি, এসব কারণে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি মোকাবিলায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


   আরও সংবাদ