ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘রাজনীতি ক্রিকেট ও মানবতার শত্রু’

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮০ বার


‘রাজনীতি ক্রিকেট ও মানবতার শত্রু’

আন্তর্জাতিক ক্রিকেটের অস্থির সময়ে এবার রাজনীতির বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের প্রভাব ক্রিকেটের ওপর পড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, রাজনীতি ক্রিকেটের জন্য তো বটেই, এমনকি মানবতার জন্যও ক্ষতিকর।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সাকলায়েন মুশতাক বলেন, ‘আমি বিশ্বাস করি রাজনীতি নির্মূল হওয়া উচিত। রাজনীতি আমাদের শত্রু এবং এটি শুধু ক্রিকেটের ক্ষতি করছে না, পুরো মানবতার ক্ষতি করছে।

এতে খেলা এবং খেলোয়াড় উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রিকেটের কাজ দেশগুলোকে একত্রিত করা, আলাদা করা নয়।’

 

২০১২-১৩ মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়নি। বর্তমানে এই দুই দেশ কেবল এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরেই একে অপরের মুখোমুখি হয়।

গত বছর জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে তাদের মাটিতে খেলার ব্যাপারে কঠোর নীতি গ্রহণ করেছে। এই রাজনৈতিক টানাপোড়েনই ক্রিকেটের স্বাভাবিক গতিপথকে রুদ্ধ করেছে বলে মনে করেন সাকলায়েন।

 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়েও প্রশ্ন করা হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ভারত সফরে অস্বীকৃতি জানানো প্রসঙ্গে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, তিনি খেলাধুলা ও রাজনীতিকে মেশাতে চান না। সাকলায়েন বলেন, ‘ক্রিকেট বিনোদনের জন্য, এটি কোনো যুদ্ধক্ষেত্র নয়।’

 

উল্লেখ্য, বিসিসিআই-এর নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই বিসিবি ও বিসিসিআই-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে ভারতীয় বোর্ড এই পদক্ষেপ নিয়েছিল বলে জানা যায়। পরবর্তীতে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

 

সাকলায়েন মুশতাকের মতে, এই ধরনের সিদ্ধান্তগুলো ক্রিকেটের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে এবং খেলোয়াড়দের বিশ্বমঞ্চে পারফর্ম করার সুযোগ কেড়ে নিচ্ছে।


   আরও সংবাদ