স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬ ১৩:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৯১ বার
ফিক্সিং বা ম্যাচ পাতানোর গুরুতর অভিযোগে যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটার অ্যারন জোন্সকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার এক বিবৃতিতে আইসিসি জানায়, অ্যারন জোন্সের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী নীতিমালার মোট পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর ফলে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।
আইসিসির তথ্য অনুযায়ী, এই অভিযোগের মূল সূত্রপাত ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোসে অনুষ্ঠিত ‘বিআইএম-১০’ লিগ থেকে।
সেই টুর্নামেন্টে ম্যাচ পাতানো বা ম্যাচের ফলাফল ও গতিপ্রকৃতিকে অনৈতিকভাবে প্রভাবিত করার প্রচেষ্টায় জড়িত ছিলেন বলে জোন্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এছাড়া তার বিরুদ্ধে আরও যে অভিযোগগুলো আনা হয়েছে তা হলো: অনৈতিক প্রস্তাব পাওয়ার পর তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়া, দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের তদন্ত কাজে সহযোগিতা না করা এবং আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের (ACU) কাজে বাধা প্রদান করা।
অ্যারন জোন্সকে আগামী ১৪ দিনের (২৮ জানুয়ারি থেকে পরবর্তী ১৪ দিন) মধ্যে এই অভিযোগের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, এটি একটি বৃহত্তর তদন্তের অংশ এবং ধারণা করা হচ্ছে এই ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে সামনে অভিযোগ আসতে পারে।
৩১ বছর বয়সী অ্যারন জোন্স যুক্তরাষ্ট্রের ক্রিকেটের অন্যতম বড় নাম। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সুপার এইট পর্বে ওঠার পেছনে তার অনবদ্য ভূমিকা ছিল। নিউইয়র্কে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে ৫২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ গত বছরের এপ্রিলে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নেমেছিলেন।
বিশ্বকাপের নায়কের এমন পতন যুক্তরাষ্ট্রের ক্রিকেট ভক্তদের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।