ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০ বার


শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬

দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (৩১ জানুয়ারি) এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সংক্ষিপ্ত এই আসরে অংশ নেবে তিনটি দল, যেখানে থাকছে দেশের বর্তমান সময়ের সেরা ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতা।

টুর্নামেন্টে অংশ নেওয়া তিন দলের নাম ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।

ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়কত্বে থাকবেন জাতীয় দলের আরেক তারকা ব্যাটার ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দুরন্ত একাদশের নেতৃত্বে থাকছেন আকবর আলী।

 

প্রতিটি দলের জন্য আলাদা কোচিং প্যানেল গঠন করেছে বিসিবি। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল।

দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের কোচিং প্যানেলে রয়েছেন প্রধান কোচ হান্নান সরকার ও সহকারী কোচ রাজিন সালেহ আলম।

 

এবারের টুর্নামেন্টে নতুনভাবে যুক্ত করা হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ধারণা, যা ম্যাচের কৌশলগত দিককে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছে বিসিবি।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি।

 


দর্শকদের জন্য ম্যাচের আগে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ক্রিকেট ম্যাচ।

এই টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য ও খেলোয়াড়দের পারিশ্রমিক মিলিয়ে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।

 

দর্শকদের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে বিভিন্ন গ্যালারি অনুযায়ী। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্রিকেটের পাশাপাশি সংগীত ও বিনোদনের সমন্বয়ে এই টুর্নামেন্ট দর্শকদের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠবে। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই আসরে মাঠে এসে ক্রিকেট উপভোগ করার জন্য ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে বিসিবি।


   আরও সংবাদ