স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো। একদিকে মাঠের খেলায় আল নাসর জয়রথ ছুটিয়ে চললেও, পর্দার আড়ালে সিআরসেভেনকে ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। গুঞ্জন উঠেছে, ক্লাবের ওপর ক্ষোভ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগাল মহাতারকা।
সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে আল নাসর।
সাদিও মানে ও আনহেলো গাব্রিয়েলের শেষ মুহূর্তের গোলে জয় এলেও গ্যালারি জুড়ে ছিল রোনালদোর অভাব। তবে তার অনুপস্থিতিতেও ভক্তরা পূর্ণ সমর্থন জানিয়েছেন। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারি জুড়ে সাত নম্বর জার্সি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেন সমর্থকরা।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র দাবি, মূলত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) পরিচালিত ক্লাবগুলোর দলবদল প্রক্রিয়া নিয়ে রোনালদো অসন্তুষ্ট।
সম্প্রতি তার রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার আল ইত্তিহাদ ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালে যোগ দেওয়া এবং অভিষেকেই হ্যাটট্রিক করা এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলাল আরও শক্তিশালী হওয়ায় রোনালদোর মনে হচ্ছে আল নাসর পিছিয়ে পড়ছে।
রোনালদো জনসমক্ষে মুখ না খুললেও সৌদি প্রো লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রোনালদো একজন শীর্ষ পর্যায়ের প্রতিযোগী হিসেবে সবসময় জিততে চান। তবে ব্যক্তিগতভাবে কেউ যত বড়ই হোক না কেন, ক্লাবের বাইরের সিদ্ধান্ত বা নীতি নির্ধারণে কারও প্রভাব খাটানোর সুযোগ নেই।
’
২০২২ সালের ডিসেম্বরে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতনে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত লিগ শিরোপার স্বাদ পাননি রোনালদো। ২০২৫ সালের জুনে নতুন করে দুই বছরের চুক্তি করলেও ক্লাবের বর্তমান ব্যবস্থাপনায় তিনি সন্তুষ্ট নন বলে গুঞ্জন রয়েছে। ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল নাসর, আর ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল।