ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
নেপালের পোখারায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ। লিগ পর্বে এই ভারতকেই হারিয়ে আসা লাল-সবুজের প্রতিনিধিরা ফাইনালে যেন নিজেদের ছায়া হয়ে ছিল। রক্ষণভাগের চরম সমন্বয়হীনতা আর গোলরক্ষকের দৃষ্টিকটু ভুলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
শুরু থেকেই ভারতের দাপট ম্যাচের শুরু থেকেই সুসংগঠিত ফুটবল খেলে বাংলাদেশকে চাপে রাখে ভারতীয় মেয়েরা।
সপ্তম মিনিটেই তারা প্রথম গোলের সুযোগ তৈরি করে সতর্ক সংকেত দেয়। বাংলাদেশের রক্ষণভাগ বারবার ভারতের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল। সেই চাপের ফল আসে ৪২ মিনিটে; দুর্দান্ত এক সমন্বিত আক্রমণ থেকে গোল করে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জুলান নংমাইথেম। গোল হজম করার পর বাংলাদেশের ডাগআউটে অস্থিরতা দেখা দেয়, কোচ পিটার বাটলার কৌশল পরিবর্তন করেও ছন্দ ফেরাতে পারেননি।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। ৫১ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা রানী, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল অধরাই থেকে যায়। উল্টো ৬১ মিনিটে বড় ভুল করে বসেন গোলরক্ষক ইয়ারজান। তার ভুল সিদ্ধান্তে ভারত পেনাল্টি পেলে এলিজাবেথ লাকড়া ব্যবধান দ্বিগুণ (২-০) করেন।
দুই গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও বড় ভুল করে বাংলাদেশ। ব্যাক পাস নিয়ন্ত্রণে গোলরক্ষক ইয়ারজানের ব্যর্থতার সুযোগ নিয়ে পার্ল ফার্নান্দেজ তৃতীয় গোলটি উপহার দেন। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি ভারতের হাতে। শেষ দিকে আরও একটি গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে ভারত।
ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও বড় ম্যাচে স্নায়ুচাপে নুয়ে পড়ে বাংলাদেশ।
বয়সভিত্তিক ফুটবলে এর আগে ভারতের বিপক্ষে একাধিক শিরোপা জয়ের রেকর্ড থাকলেও এবার রক্ষণ আর গোলপোস্টের নিচের ব্যর্থতা বাংলাদেশকে ডোবালো। অন্যদিকে, সুপরিকল্পিত ও আত্মবিশ্বাসী ফুটবল খেলে অনূর্ধ্ব-১৯ আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল ভারত।