স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১ মার্চ, ২০২৬ ১৩:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
একদিকে স্বদেশে ভয়াবহ যুদ্ধাবস্থা আর সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর শোক, অন্যদিকে বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষার লড়াই। এক চরম মানসিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আগামীকাল সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান কাপের মিশন শুরু করতে যাচ্ছে ইরান নারী ফুটবল দল। এই কঠিন সময়ে ২৬ সদস্যের ইরানি স্কোয়াডের পাশে দাঁড়িয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এএফসি রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তারা গোল্ড কোস্টে অবস্থানরত ইরানি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
সংস্থাটি বলেছে, ‘এই চ্যালেঞ্জিং সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর আমরা কড়া নজর রাখছি। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও কল্যাণ আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা ইরানি দলকে পূর্ণ সমর্থন ও সব ধরনের সহায়তা দিচ্ছি।’
গত রাতে ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানজুড়ে এখন টালমাটাল অবস্থা।
এমন পরিস্থিতির কয়েক দিন আগেই ইরান দল অস্ট্রেলিয়ায় পৌঁছায়। আজ রোববার সংবাদ সম্মেলনে কোচ মারজিয়েহ জাফরি রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য না করে কেবল ফুটবলেই নিবদ্ধ থাকেন। তিনি বলেন, ‘ইরানি নারীদের সম্ভাবনা ও প্রতিভা দেখানোর বড় মঞ্চ এটি। লিগ শেষে আমরা তিনটি ট্রেনিং ক্যাম্প করেছি এবং অস্ট্রেলিয়ায় এসেও ভালো কিছু সেশন হয়েছে।
আশা করি আগামীকাল আমরা একটি ভালো ম্যাচ খেলতে পারব।’
২০২২ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান কাপে অভিষেক ঘটিয়ে ইতিহাস গড়েছিল ইরান। যদিও চীন ও তাইওয়ানের কাছে তারা বড় ব্যবধানে পরাজিত হয়েছিল, কিন্তু রক্ষণশীল সমাজব্যবস্থায় তাদের সেই লড়াই দেশটিতে নারী অধিকারের প্রতীকে পরিণত হয়েছিল। কোচ জাফরি মনে করেন, সেবারের তুলনায় এবার তাদের গ্রুপটি (অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া) অনেক বেশি কঠিন, তবে দল হিসেবে তারা এখন অনেক বেশি অভিজ্ঞ।
১২ দলের এই টুর্নামেন্টে কেবল অংশগ্রহণই নয়, বড় অর্জনে চোখ রাখছেন ৩৩ বছর বয়সী অধিনায়ক জাহরা ঘানবারি।
তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষরা অনেক শক্তিশালী হলেও আমাদের মানসিকতা অত্যন্ত দৃঢ়। আমরা সেরাটা দিয়ে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কোয়ালিফাই করতে চাই।’
উল্লেখ্য, এই টুর্নামেন্টের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।