ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিরতির আগে দুই গোলে এগিয়ে চীন

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩ মার্চ, ২০২৬ ১৫:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


বিরতির আগে দুই গোলে এগিয়ে চীন

ফিফা র‌্যাংকিংয়ে ব্যবধান বড় হলেও মাঠের শুরুটা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শক্তিশালী চীনের বিপক্ষে সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের কৌশলে প্রথমার্ধের বেশিরভাগ সময় সমানতালে লড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে বিরতির ঠিক আগে দুই গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা।

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় চীন।

নয়বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ধারাবাহিকভাবে আক্রমণ সাজাতে থাকে, আর বাংলাদেশ অপেক্ষা করে পাল্টা সুযোগের। চতুর্থ মিনিটেই দূরপাল্লার শটে সতর্কবার্তা দেয় চীন। ১২ মিনিটে বাম দিক থেকে আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারকে কঠিন পরীক্ষায় ফেলেন প্রতিপক্ষের ফরোয়ার্ডরা। মিলি প্রথম শট ঠেকালেও ফিরতি হেড পোস্ট ঘেঁষে বাইরে গেলে স্বস্তি ফেরে দলে।

 

এই ম্যাচে কোচ পিটার বাটলার অভিজ্ঞ রুপনা চাকমার বদলে মিলি আক্তারকে একাদশে রেখে চমক দেখান। তরুণ এই গোলরক্ষক শুরুতে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন।

১৪ মিনিটে বাংলাদেশের সেরা সুযোগটি আসে। প্রায় ৩৫ গজ দূর থেকে ঋতুপর্ণা চাকমার জোরালো শট ক্রসবারের নিচে ঢুকে যেতে পারত।

তবে চীনের গোলরক্ষক চেন চেন লাফিয়ে বলটি ওপর দিয়ে পাঠিয়ে দেন।

 

ম্যাচের মাঝামাঝি সময়ে চীনের চাপ আরও বাড়ে। ১৯ মিনিটে গোললাইন থেকে শিউলি আজিমের গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স বড় বিপদ এড়ায়। মিলিও কয়েকটি ভালো সেভ করে দলকে ভরসা দেন। ২৪ মিনিটে চীনের একটি হেড জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

 

তবে বিরতির আগে ভেঙে যায় বাংলাদেশের প্রতিরোধ। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নিখুঁত শটে এগিয়ে যায় চীন। যোগ করা সময়ে কর্নার থেকে সৃষ্ট বিশৃঙ্খলায় নেওয়া আরেকটি শট ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়লে ব্যবধান দাঁড়ায় ২-০।

প্রথমার্ধে দীর্ঘ সময় দৃঢ় রক্ষণ ও পাল্টা আক্রমণে ঝলক দেখালেও শেষ মুহূর্তের মনোযোগের ঘাটতিই ব্যবধান গড়ে দেয়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।


   আরও সংবাদ