ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভিয়েতনাম-সিঙ্গাপুর জয়ে আত্মবিশ্বাসী কাবরেরা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২০ মার্চ, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১ বার


ভিয়েতনাম-সিঙ্গাপুর জয়ে আত্মবিশ্বাসী কাবরেরা

 

ঝড়-বৃষ্টির বাধায় প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও এশিয়ান কাপ বাছাইয়ের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় দীর্ঘ অনুশীলন শেষে দলের শারীরিক অবস্থা ও কৌশল নিয়ে কথা বলেছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। স্বস্তির খবর, তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের চোট গুরুতর নয়।

 

অনুশীলনের ফাঁকে মোরসালিনের চোট নিয়ে উদ্বেগ প্রসঙ্গে কাবরেরা বলেন, ‘মোরসালিন আমাদের সঙ্গেই (ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরে) যাচ্ছে।

 

আজ তার আল্ট্রাসনোগ্রাফি করা হয়েছে এবং রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা আশা করছি ৩-৪ দিনের মধ্যে সে অনুশীলনে ফিরতে পারবে। ভিয়েতনামের বিপক্ষে সে কত মিনিট খেলতে পারবে, তা আমরা পর্যবেক্ষণে রাখব।’

গতকাল ঝড়ের কারণে অনুশীলন বন্ধ থাকায় আজ বাড়তি সময় অনুশীলন করেছেন খেলোয়াড়রা।

 

 

কাবরেরা বলেন, ‘গতকাল আমরা মাঠে নামতে পারিনি, যা দুর্ভাগ্যজনক। তবে আজ আমরা প্রায় দুই ঘণ্টার দীর্ঘ সেশন করেছি। গতকালের ঘাটতি পুষিয়ে নিতে আজ দ্বিগুণ সময় নিয়ে কাজ করা হয়েছে। আগামীকাল খেলোয়াড়দের ছুটি থাকবে এবং রাতে আমাদের ফ্লাইট।

 

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইয়ের শেষ ম্যাচ। প্রতিপক্ষ বিশ্লেষণে কাবরেরা বলেন, ‘কাগজে-কলমে ভিয়েতনাম শক্তিশালী এবং ব্যক্তিগত নৈপুণ্যে সিঙ্গাপুরের চেয়ে কিছুটা এগিয়ে। তবে আমাদের দৃষ্টিতে দুই দলের মধ্যে ব্যবধান খুব বেশি নয়। আমরা উভয় দলের সঙ্গেই সমানতালে লড়াই করতে সক্ষম।’

 

খেলোয়াড়দের মতো কোচের কণ্ঠেও ছিল জয়ের আত্মবিশ্বাস।

 

 

কোনো নির্দিষ্ট পয়েন্টের হিসাব নয়, সরাসরি জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দল। কাবরেরা স্পষ্ট করে বলেন, ‘আমরা যখনই মাঠে নামি, আমাদের লক্ষ্য থাকে জয় ছিনিয়ে আনা। এবারও তার ব্যতিক্রম হবে না।’


   আরও সংবাদ