ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আজ বাংলাদেশের ‘শেষ পরীক্ষা’

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


আজ বাংলাদেশের ‘শেষ পরীক্ষা’

এশিয়ান কাপ বাছাইপর্বের রোমাঞ্চকর পথচলায় আজ নিজেদের শেষ মিশনে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

‘সি’ গ্রুপ থেকে এরই মধ্যে শীর্ষস্থান নিশ্চিত করে মূল পর্বের টিকিট কেটে ফেলেছে সিঙ্গাপুর।

অন্যদিকে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের জন্য এই ম্যাচটি মূলত নিজেদের সামর্থ্য প্রমাণ এবং টেবিলের সমীকরণ মেলানোর লড়াই। হারানো সম্মান ফিরে পেতে লাল-সবুজের প্রতিনিধিদের লক্ষ্য আজ পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।

 

প্রথম লেগের লড়াইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ফিরতি লেগের এই ম্যাচটি স্বাগতিকদের জন্য মোটেও সহজ হবে না বলে মানছেন সিঙ্গাপুর কোচ গেভিন।

 

 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের মাঝমাঠের ‘প্রাণভোমরা’ হামজা চৌধুরী তাদের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের সামর্থ্য নিয়ে গেভিন বলেন, ‘হামজাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, ফুটবল বিশ্ব তাকে চেনে। নিশ্চিতভাবেই আজকের ম্যাচে সে সিঙ্গাপুরের জন্য বড় হুমকি। তাকে এবং বাংলাদেশকে রুখতে হলে আমাদের সম্মিলিতভাবে সেরা ফুটবলটাই খেলতে হবে।

 

চলতি বাছাইপর্বের পরিসংখ্যান বেশ কৌতূহল উদ্দীপক। সিঙ্গাপুর তাদের তিনটি জয়ের সবকটিই পেয়েছে প্রতিপক্ষের মাঠে; অথচ নিজেদের মাটিতে খেলা শেষ দুই ম্যাচে তারা জয়ের দেখা পায়নি। 

অন্যদিকে, কোচ হাভিয়ে কাবরেরার অধীনে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে দারুণ লড়াকু। ভারত ও হংকংয়ের বিপক্ষে ড্র করে তারা প্রমাণ করেছে বিদেশের মাটিতে তারা কতটা শক্ত প্রতিপক্ষ।

তবে সিঙ্গাপুর কোচ পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

তার মতে, মাঠের বাইরের পরিসংখ্যান নিয়ে ভাবলে দলের খেলায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

সিঙ্গাপুরের জন্য এই ম্যাচটি মূলত এশিয়ান কাপের মূল পর্বের চূড়ান্ত প্রস্তুতির অংশ। নিজেদের চেনা কন্ডিশনে দৃষ্টিনন্দন ফুটবল খেলে জয় দিয়েই বাছাইপর্ব শেষ করতে চায় তারা। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছে স্বাগতিকরা। 

অন্যদিকে, হামজা চৌধুরীর অভিজ্ঞতা আর কাবরেরার রণকৌশলে ভর করে বড় কোনো অঘটন ঘটিয়ে জয় ছিনিয়ে নিতে মুখিয়ে আছে বাংলাদেশ। এখন দেখার বিষয়, সিঙ্গাপুরের দুর্গ ভেঙে বাংলাদেশ জয়ের হাসি হাসতে পারে কি না।


   আরও সংবাদ