ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আ'লীগের আমলে মেগা দুর্নীতি হয়েছে

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ১৯:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


আ'লীগের আমলে মেগা দুর্নীতি হয়েছে

সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আওয়ামী লীগের আমলে জনগণের ভোটাধিকার হরণ করে উন্নয়নের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আমিনুল হক বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্রীড়া খাতে দুর্নীতি ও অনিয়মের কারণে স্টেডিয়ামের বর্তমান দুরবস্থা তৈরি হয়েছে।

আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলায় একযোগে নতুন ক্রীড়া কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করেন তিনি। প্রথম ধাপে ফুটবল, ক্রিকেটসহ সাতটি খেলার মাধ্যমে কর্মসূচি চালু হবে, এতে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জনকে এতে অন্তর্ভুক্ত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা আবির্ভূত হবে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে উঠে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

 

শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া বাধ্যতামূলক করা হবে এবং ক্রীড়া বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হবে।

এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্টেডিয়াম সংস্কারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, সব খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে আগামীতে দেশকে ক্রীড়াবান্ধব করতে হবে।

এরপর সিলেট সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নির্দেশনায় ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দিয়ে সারাদেশে খেলাধুলার বিস্তার ঘটানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, ইতোমধ্যে খেলোয়াড়দের ভাতা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চালু করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

মাঠ পরিদর্শনকালে ও সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ