ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

একা হলেও চেয়ার ছাড়বেন না বুলবুল!

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬ ১৮:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


একা হলেও চেয়ার ছাড়বেন না বুলবুল!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালকরা একের পর এক পদত্যাগ করছেন। এভাবে সহকর্মীদের পদত্যাগে কিছুই যা আসে না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। সবাই চলে গেলেও তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থেকে পরিস্থিতি সামলাতে চান। 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই এ নিয়ে সাতজন পরিচালক সরে দাঁড়ালেন।

এর আগে ২৪ জানুয়ারি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ২৩ মার্চ মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ হারানোর পর পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। শনিবার বোর্ড সভার দিনে করেছেন আরও চার পরিচালক। সভা শেষ হওয়ার আগেই প্রথমে পদত্যাগ করেন ফাইয়াজুর রহমান।

এরপর সভা শেষে দায়িত্ব ছাড়েন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। মধ্যরাতে পদত্যাগের তালিকায় যোগ দেন মঞ্জুর আলম।  

 

একের পর এক পরিচালকের পদত্যাগের ঘটনার মধ্যে গতকাল বোর্ড সভা শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিকে একটি সাক্ষাৎকার দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরিচালক কমতে কমতে বোর্ড একসময় অলআউট হয়ে যেতে পারে—সঞ্চালকের এমন প্রশ্নে মুখে হাসি ফুটিয়ে আমিনুল বলেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকব।

কী করব?’

 

এরপর বুলবুল আরও বলেন, ‘আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো (যাওয়ার জন্য আমিই থাকব শেষ ব্যক্তি)।’ 

আট বছর আগের নারী ক্রিকেটের বিষয়, আগের বোর্ডের কার্যক্রম নিয়ে এই বোর্ডকে বিব্রতকর অবস্থায় ফেলে বাইরের শক্তি বোর্ড ডিস্টার্ব করেছে বলে অনুষ্ঠানে দাবি করেন বুলবুল, ‘আমরা ছয় মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সব সময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে।’
 
ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে।

বোর্ডের বিপক্ষে কোন নেতিবাচক সিদ্ধান্ত আসলেও বুলবুল সেটি গ্রহণ করতে প্রস্তুত আছেন, ‘আমি সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি আমার দেশকে সাহায্য করতে। এখন যদি কোনো কারণে (দায়িত্ব) না থাকে, নো প্রবলেম। আমার আরেকটা পথ দেখে নিতে হবে। তবে আমি দেশের জন্য কাজ করতে চাই।’

 


   আরও সংবাদ