আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬ ০৯:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
যুক্তরাষ্ট্রের বাজারে চীন বরাবরই শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ভিয়েতনাম দ্বিতীয় আর বাংলাদেশ ছিল তৃতীয় দেশ। রপ্তানিতে চীনের উপর বাড়তি শুল্ক আরোপের কারণে এবার দেশটি ছিটকে পড়েছে, শীর্ষ উঠেছে ভিয়েতনাম। আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় তৈরি পোশাক দেশে পরিণত হয়েছে।
আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারত।
তথ্য ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা)।
অটেক্সার তথ্য অনুযাযী, জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাস সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এ রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ৮ শতাংশ কম।
আগের বছরের জানুয়ারি-জুলাই দুই মাসে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করেছিল ১৫০ কোটি ডলারের তৈরি পোশাক।
যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম দুই মাসে ২৭০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ স্থানে রয়েছে ভিয়েতনাম। এই সময়ে দেশটির আগের বছরের চেয়ে রপ্তানি বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ।
এদিকে চলতি বছরের প্রথম দুই মাসে চীন রপ্তানি করেছে ১১৭ কোটি ডলারের তৈরি পোশাক।
গত বছরের একই সময়ে তাদের তৈরি পোশাক রপ্তানি ছিল ২৭৭ কোটি ডলার। সেই হিসাবে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে ৫৭ দশমিক ৬৫ শতাংশ।
অবশ্য যুক্তরাষ্ট্রের বাজারে চীন ও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হ্রাস পেলেও বা ভিয়েতনামের রপ্তানি বাড়লেও বিভিন্ন দেশ থেকে দেশটির মোট আমদানিও কমেছে।
হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে ১ হাজার ১৭৩ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ১৩ শতাংশ কম।