ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সাভারে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় নিজের খেলোয়াড়ী জীবনের স্মৃতিচারণ করে এবং সাবেক অ্যাথলেটিক প্রশিক্ষক সুফিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

রোববার (০৫ এপ্রিল) প্রথমবারের মতো বিকেএসপি সফরে যান ক্রীড়া প্রতিমন্ত্রী।

সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত এবং ২১টি ক্রীড়া বিভাগের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিকেএসপির বিভিন্ন ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুযোগ-সুবিধার সার্বিক খোঁজখবর নেন। প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এটিকে বিশ্বমানে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

 

বিকেএসপি পরিদর্শনের এক পর্যায়ে নিজের খেলোয়াড়ী জীবনের স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন মো. আমিনুল হক। বিশেষ করে বিকেএসপির দীর্ঘদিনের পরিচিত মুখ ও সাবেক প্রশিক্ষক সুফিয়াকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, 'ছোটবেলায় যখন আমি এখানে প্রশিক্ষণ নিতাম, তখন থেকেই এই মহীয়সী নারীকে সব খেলার সঙ্গে আন্তরিকভাবে যুক্ত থাকতে দেখেছি।'

 বিকেএসপির লক্ষ্য পূরণে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে জানিয়ে গুণীজনদের যথাযথ সম্মান প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

 

খেলাধুলার সামাজিক প্রভাব সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে মোঃ আমিনুল হক বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব।'

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তার এই সফর শেষ হয়।


   আরও সংবাদ