স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ১৭:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম রীতিমতো বসুন্ধরা কিংসের গোল উৎসবের মঞ্চে পরিণত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে আরামবাগ ক্রীড়া সংঘকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কিংস।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতনের জোড়া গোল এবং আক্রমণভাগের দারুণ সমন্বয়ে পুরো ম্যাচে পিছিয়ে ছিল আরামবাগের রক্ষণ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা।
তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন দোরিয়েলতন, তবে তার কাটব্যাক বক্সে সতীর্থের কাছে পৌঁছায়নি।
তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি।
১৪তম মিনিটে টানা দুটি কর্নার পায় কিংস। দ্বিতীয় কর্নার ক্লিয়ার হওয়ার পর ফাহিমের দারুণ ক্রসে হেড করে জালে বল পাঠান দোরিয়েলতন।
লিড নেওয়ার পর আরও আক্রমণ বাড়ায় বসুন্ধরা। ২২তম মিনিটে রাকিবের নিখুঁত ক্রস থেকে আলতো ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। ২৭ মিনিটে রাকিবের আরেকটি বিপজ্জনক ক্রস কর্নারের বিনিময়ে ঠেকান আরামবাগের নিক্সন চাকমা।
প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আরামবাগ। ৪৫তম মিনিটে জাহিদুলের হেড জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এর আগে ৪১ মিনিটে ইমানুয়েল সানডের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করেন দোরিয়েলতন।
বিরতির পর ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কিংস। ৫২তম মিনিটে গোলরক্ষক আজাদকে ফাঁকি দিয়ে তার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ইমানুয়েল সানডে।
তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন দোরিয়েলতন। ফাহিমের মাটিতে রাখা ক্রস থেকে সহজেই বল জালে জড়ান তিনি।
৬৬তম মিনিটে ব্যবধান ৫-০ করেন সোহেল রানা জুনিয়র। ফাহিমের জোরালো শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে জটলার মধ্যে থেকে গোল করেন তিনি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন দোরিয়েলতন, তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ পর্যন্ত একপেশে ম্যাচে ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।