ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সমতায় শেষ আতলেতিকো-আর্সেনাল লড়াই

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


সমতায় শেষ আতলেতিকো-আর্সেনাল লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে জমজমাট লড়াই শেষে সমতায় সন্তুষ্ট থাকতে হয়েছে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালকে। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে বুধবার ১-১ গোলে ড্র করেছে দুই দল, যেখানে দুই গোলই এসেছে পেনাল্টি থেকে।

 

ম্যাচে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। ৪৪তম মিনিটে ভিক্টর ইয়োকেরেশ স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন।

তাকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ইংলিশ ক্লাবটি।

 

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র।

আক্রমণের তীব্রতা বাড়ায় স্বাগতিক আতলেতিকো। এর ফলও মেলে দ্রুত।

৫৬তম মিনিটে হুলিয়ান আলভারেস পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। মার্কোস লরেন্তের শট ডিফেন্ডার বেন হোয়াইটের হাতে লাগার পর ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি।

 

এর আগে ম্যাচের শুরুতেও দুই দলই সুযোগ তৈরি করেছিল। ১৪তম মিনিটে আলভারেসের দূরপাল্লার শট দারুণভাবে ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। পরক্ষণেই মার্টিন ওদেগোরের শট প্রতিহত করেন আতলেতিকোর ডিফেন্ডার।

পুরো ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা মিলছিল না সহজে। প্রথমার্ধের শেষ দিকে ননি মাদুয়েকের একটি শট অল্পের জন্য বাইরে চলে যায়।

সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। ৬৩তম মিনিটে আন্তোনিও গ্রিজমানের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর আবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।

লুকমানও দু’দফায় গোলের ভালো সুযোগ নষ্ট করেন। বিশেষ করে ৭৪তম মিনিটে ওয়ান-অন-ওয়ান অবস্থায় তার শট ঠেকিয়ে দেন রায়া।

ম্যাচে আরেকটি নাটকীয় মুহূর্ত আসে ৭৮তম মিনিটে। বক্সের ভেতর এবেরেচি এজেকে ফাউল করায় আর্সেনাল পেনাল্টি পায়। তবে ভিএআর দেখে রেফারি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

পরিসংখ্যানে দুই দলই ছিল কাছাকাছি। আতলেতিকো ১৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি, আর আর্সেনাল ১১টি শটের মধ্যে ২টি রাখতে পারে লক্ষ্যে। বল দখলেও ছিল সমতা।

এই ড্রয়ে সব হিসাবই এখন দ্বিতীয় লেগের দিকে গড়াল। আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে নির্ধারিত হবে কে উঠবে ফাইনালে।


   আরও সংবাদ