ঢাকা, শুক্রবার, ০৮ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩৮ একর জমিতে নিজস্ব স্টেডিয়াম গড়তে চায় বাফুফে

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৮ মে, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


৩৮ একর জমিতে নিজস্ব স্টেডিয়াম গড়তে চায় বাফুফে

পূর্বাচলে নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশেই এবার একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ৩৮ একরের একটি বিশাল জমির কথা ভাবছে বাফুফে।

নিজস্ব একটি আন্তর্জাতিক মানের হোম ভেন্যু তৈরির এই লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাফুফের প্রতিনিধিদল।

 

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক তুষার ইমরান এবং গভর্ন্যান্স রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপীর সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদল মন্ত্রীর কাছে ক্রিকেটের মতোই ফুটবলের জন্য একটি বৃহৎ ও স্বয়ংসম্পূর্ণ ভেন্যুর জোরালো দাবি তুলে ধরেন।

 

বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের টার্ফেই বাফুফের কার্যক্রম মূলত সীমাবদ্ধ। তবে খেলাধুলাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার সরকারি উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী আমিনুল হক বলেন, 'বাফুফেকে ইতোমধ্যেই মৌখিকভাবে তিনটি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে দেশের মানুষের ফুটবলের প্রতি যে উন্মাদনা, সেটি কাজে লাগাতেই তারা নিজস্ব একটি স্থায়ী ভেন্যু চাইছে।'

 

মন্ত্রী বাফুফের এই দাবির যৌক্তিকতা স্বীকার করে নেন।

তিনি মনে করেন, ক্রিকেটের জন্য যেহেতু বড় জায়গা দেওয়া হয়েছে, তাই ফুটবলেরও এমন একটি সুযোগ প্রাপ্য। তিনি বলেন, 'ফেডারেশন একটি নির্দিষ্ট জায়গার প্রস্তাব দিয়েছে। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। দেশের মানুষের বিশাল প্রত্যাশা মেটাতে এবং ফুটবলের নতুন রূপকল্প বাস্তবায়নে আমরা দ্রুত এর সমাধান করতে চাই।'

 

তবে মন্ত্রী এটিও স্পষ্ট করেছেন যে, পুরো বিষয়টিই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নির্দিষ্ট কোনো প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, 'তারা ঢাকার আশপাশের কিছু জায়গার কথা বলেছে। আমি তাদের আগে সেগুলো সরেজমিনে ঘুরে দেখতে বলেছি। পরিদর্শন শেষে আমরা বসে পরবর্তী করণীয় ঠিক করব।'

তবে পূর্বাচলে জমি পাওয়ার ক্ষেত্রে বাফুফেকে বেশ বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ক্রিকেট বোর্ড অতীতে যেভাবে 'প্রতীকী মূল্যে' বা নামমাত্র দামে জমি পেয়েছিল, এখন আর সেই সুযোগ থাকছে না। কারণ, মাস পাঁচেক আগে ভূমি মন্ত্রণালয়ের জারি করা নতুন এক প্রজ্ঞাপনে নামমাত্র মূল্যে জমি বরাদ্দের পুরনো নিয়মটি বাতিল করা হয়েছে। ফলে বাফুফেকে এই ৩৮ একর জমি পেতে হলে বর্তমান বাজারদর অনুযায়ী পুরো মূল্যই পরিশোধ করতে হতে পারে।


   আরও সংবাদ