স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৯ মে, ২০২৬ ১৪:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। যদিও দ্বিতীয় সেশনের আগে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
তবে অভিজ্ঞ মুশফিকের ধৈর্যশীল ইনিংসে এখনও বড় সংগ্রহের আশা বেঁচে আছে স্বাগতিকদের। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান করেছে বাংলাদেশ।
দিনের শুরুতে সাবধানে খেললেও ধীরে ধীরে হাত খুলতে থাকেন লিটন দাস। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৯১তম ওভারে পঞ্চাশ ছোঁয় মুশফিক-লিটনের জুটি।
শাহিন শাহ আফ্রিদির বলে লিটনের বাউন্ডারিতে ১০৫ বলে আসে এই মাইলফলক। সেই সময় জুটিতে লিটনের অবদানই ছিল বেশি।
এরপর অবশ্য ভাগ্যের সহায়তা পান লিটন। ৯৫তম ওভারে মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের বলে জীবন পান লিটন। তবে সেই জীবন বেশিক্ষণ কাজে লাগাতে পারেননি তিনি। ৯৭তম ওভারে আবারও আব্বাসের বলেই বিদায় নেন তিনি। বদলি ফিল্ডার আমাদ বাট সহজ ক্যাচ নেন। ৬৭ বলে ৩৩ রান করে ফেরেন লিটন। মুশফিকের সঙ্গে তার ৬২ রানের জুটিও সেখানেই শেষ হয়।
লিটনের বিদায়ের পর দ্রুত রান তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। আব্বাসকে একটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু পরের বলেই অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ১২ বলে ১০ রান করে ফিরেন মিরাজ।
এরপর কিছুটা চমকই দেখায় বাংলাদেশ। পেসার এবাদতকে পাঠানোর আগে ব্যাট করতে নামানো হয় তাইজুল ইসলামকে। শুরুতে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। হাসান আলির এক ওভারে টানা দুই চার মেরে দ্রুত রানও তুলছিলেন বাঁহাতি এই ব্যাটার। কিন্তু ১০৭তম ওভারে আবারও আঘাত হানেন আব্বাস। বল জমা পড়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ২৩ বলে ১৭ রান করে বিদায় নেন তাইজুল।
ক্রিজে এখনো আশা দেখাচ্ছেন মুশফিক, ৭১ রান নিয়ে। সঙ্গে নতুন ব্যাটার এবাদত হোসেন।