স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মে, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
বাবার মৃত্যুর খবর জানতে পারার কয়েক ঘণ্টা পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলকে লা লিগা শিরোপা জেতানোর পর বার্সেলোনা কোচ হানসি ফ্লিক বললেন, এটা ছিল ‘কঠিন দিন’।
গতকাল (রোববার) ক্লাসিকো নিয়ে যখন শেষ পরিকল্পনা করছিলেন ফ্লিক, তখন বাবাকে হারানোর সংবাদ শোনেন। কিন্তু বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন জার্মান কোচ, এমনকি ম্যাচের সময় ডাগআউটেও দাঁড়ান।
বাবাকে হারানোর শোক বুকে চেপে বার্সার শিরোপা জয়ের সাক্ষী হলেন ফ্লিক। মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধানে রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয় লা লিগা জেতে বার্সা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিশ্র অনুভূতি জানালেন বার্সা কোচ, ‘কঠিন একটা দিন গেল। এর শুরু হয়েছিল সকালে, আর হ্যাঁ, এই দিনটা কখনো ভুলব না। আজ সকালে আমার মা ফোন করে জানাল, আমার বাবা মারা গেছে। তখন আমি ভাবছিলাম: আমার কি এটা লুকানো উচিতক নাকি আমার দলের সঙ্গে কথা বলা উচিত? কারণ আমার কাছে ওরা একটা পরিবারের মতো।’
পরে খেলোয়াড়দের কাছে বাবাকে হারানোর খবর জানিয়ে দেন ফ্লিক। তারপর যা হলো, তাতে আপ্লুত তিনি, ‘আমি বললাম, না এই কথাটা খেলোয়াড়দের জানিয়ে দেই। তারপর তারা যা করল সেটা ছিল অবিশ্বাস্য। আমি এই মুহূর্ত কখনো ভুলব না। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সবকিছুর জন্য ধন্যবাদ, সত্যিকারের লড়াই করার জন্য ধন্যবাদ।’ তিনি বলে গেলেন, ‘আমি সবকিছুর জন্য সত্যিই কৃতজ্ঞ। এটা আমার পরিবারের মতো।’
ফ্লিকের প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা জানাতে দুই দলের খেলোয়াড় কালো আর্মব্যান্ড পরে নেমেছিল মাঠে। কিকঅফের আগে এক মিনিটের নীরবতাও পালন করা হয়। বার্সার খেলোয়াড়রা ফ্লিকের সঙ্গে গোল উদযাপন করে বাড়তি উচ্ছ্বাস নিয়ে। ক্লাবের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করার পর তাকে শূন্যে ছুড়ে মারেন খেলোয়াড়রা। শিষ্যদের ভালোবাসায় অভিভূত ফ্লিক, ‘আমি আগে কখনো (আজকের মতো ভালোবাসা) পাইনি। এটা অসাধারণ।’
বিজ্ঞাপন
ফ্লিক ২০২৪ এর গ্রীষ্মে কোচ হওয়ার পর থেকে স্পেনে দাপট দেখাচ্ছে বার্সা। ছয়টি ঘরোয়া ট্রফির মধ্যে পাঁচটি জিতেছে, কেবল এই মৌসুমে কোপা দেল রে ট্রফি জেতা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। গত বছর এই প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল তারা। এই অপ্রাপ্তি ঘুচাতে চান তিনি, ‘আমরা এই ক্লাবের জন্য আরও বেশি দিতে চাই। আমরা পরের লেভেলে যেতে চাই। আমি জানি বার্সেলোনায় সবাই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। আশা করি আমরা সেই লক্ষ্য অর্জন করব। আমি সবসময় এটাই চাই, স্বপ্নের জন্য লড়াই করা। আমাদের আরও অনেক স্বপ্ন আছে। পরের মৌসুমের জন্য এটা দারুণ ব্যাপার।’
বার্সা যদি বাকি তিন ম্যাচ জেতে, তাহলে ১০০ পয়েন্ট নিয়ে চলতি মৌসুম শেষ করবে। এই অর্জন এর আগে দুইবার দেখা গিয়েছিল, ২০১২ সালে মাদ্রিদ ও ২০১৩ সালে বার্সা পয়েন্টের সেঞ্চুরি করে। ফ্লিকের চোখ সেদিকে, ‘আমরা ১০০ পয়েন্টে পৌঁছাতে চাই। এখনো সম্ভব এটা, আমাদের পরের লক্ষ্য এটি।’