স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মে, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার
চলতি মৌসুমে খুব বেশি খেলতে না পারলেও রোমেলু লুকাকুর ওপর আস্থা রেখেছে বেলজিয়াম। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।
বুধবার ৩৩ বছরে পা দেওয়া লুকাকু এ মৌসুমে নাপোলির হয়ে মাত্র এক ঘণ্টার মতো প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছেন। সাতবার বদলি হিসেবে মাঠে নেমে ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি।
এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে গত দুই মাস ধরে বেলজিয়ামে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন।
তবু দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তার ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে রাজি হয়েছেন কোচ রুদি গার্সিয়া।
আগামী মাসে শুরু হওয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউজিল্যান্ড।
বেলজিয়ামের হয়ে এখন পর্যন্ত ১২৪ ম্যাচে ৮৯ গোল করেছেন লুকাকু।
সর্বশেষ গত জুনে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।
লুকাকুর বিকল্প হিসেবেও নতুন মুখ রেখেছেন গার্সিয়া। এদিকে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো।
২১ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাসেলসে জন্মগ্রহণ করলেও তার বাবা-মা ইতালিয়ান ও স্প্যানিশ। বয়সভিত্তিক পর্যায়ে বেলজিয়ামের হয়ে খেললেও ২০২৪ সালে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে পরে স্পেনের অনূর্ধ্ব-২০ দলের ডাকও উপেক্ষা করেন। লিলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই তরুণকে এবার দলে নিয়েছেন গার্সিয়া। জায়গা হয়নি জুভেন্টাসে অনিয়মিত হয়ে পড়া লোয়িস ওপেন্ডার।
এদিকে, চোটের কারণে অনিশ্চয়তা থাকলেও স্কোয়াডে আছেন স্পোর্টিং ডিফেন্ডার জেনো ডেবাস্ত। পর্তুগিজ ক্লাবটির অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। যদিও বিশ্বকাপের আগে পুরোপুরি সেরে ওঠা নিয়ে এখনও সংশয় রয়েছে। গার্সিয়ার অধীনে অবশ্য নিয়মিতই খেলেছেন এই ডিফেন্ডার।
অন্যদিকে, ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার ফেরা বেলজিয়ামের জন্য বড় স্বস্তির খবর। যদিও ২৬ সদস্যের দলে চার গোলরক্ষক রাখা হবে বলে যে গুঞ্জন ছিল, সেটি সত্যি হয়নি।
বেলজিয়ান টেলিভিশনের দুপুরের সংবাদ বুলেটিনে দল ঘোষণা করেন গার্সিয়া। এটি হতে যাচ্ছে কোর্তোয়া, লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও অ্যাক্সেল উইটসেলের টানা চতুর্থ বিশ্বকাপ।
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে লামেন্স, মাইক পেন্ডার্স।
ডিফেন্ডার: তিমোথি কাস্তান, জেনো ডেবাস্ত, ম্যাক্সিম দে কুইপার, কোনি দে উইন্টার, ব্র্যান্ডন মেখেলে, থমাস মুনিয়ে, নাথান এনগয়, হোয়াকিন সেইস, আর্থার থিয়াতে।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাসকিন, ইউরি তিলেমান্স, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।
ফরোয়ার্ড: শার্ল দে কেতেলার, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, দোদি লুকেবাকিও, দিয়েগো মোরেইরা, আলেক্সিস সালেমেকার্স, লিয়েন্দ্রো টসার্ড।