স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মে, ২০২৬ ২০:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আপাতত সংক্ষিপ্ত বিরতিতে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ঈদের ছুটির পরই আবার ব্যস্ত সূচিতে ফিরতে হবে তাদের।
সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই আশাবাদী সুর শোনা যাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কণ্ঠে।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সবসময়ই চ্যালেঞ্জিং।
তবে নিজেদের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের সুযোগ দেখছেন তিনি। সেই সঙ্গে স্মরণ করেন ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের কথাও।
আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এর পর থেকে আর কখনোই জেতা হয়নি। যদিও অত বেশি ম্যাচ খেলিনি। অল্প ম্যাচ খেলেছি, কিন্তু আর জেতা হয়নি। আমি যখন অধিনায়ক ছিলাম, একবার কাছাকাছি গিয়েছিলাম।’
২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের একটি ম্যাচ এখনও মনে আছে তার। ডারউইনে সেই ম্যাচে বাংলাদেশ অজিদের ১৯৮ রানে গুটিয়ে দিলেও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি।
ম্যাচটি নিয়ে আশরাফুল বলেন, ‘২০০৮ সালে আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। ওই ম্যাচটা তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো করেছিল, কিন্তু জিততে পারিনি। ওই একটা ম্যাচই মনে হয় আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, যেটা আমাদের জেতার মতো ছিল।’
সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজে হারের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় পাঁচ বছর পর আবারও বাংলাদেশে খেলতে আসছে তারা। এবারও স্বাগতিকদের ভালো সম্ভাবনা দেখছেন আশরাফুল।
তিনি বলেন, ‘এইবারও অবশ্যই আশা থাকবে, কারণ তারা আমাদের মাঠে খেলবে। যদিও তারা আসার আগে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নেবে।’