স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুন, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
নিজেদের মাটিতে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের অভিযান দারুণ এক জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থানের জানান দিয়েছে মার্কিনরা।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে যুক্তরাষ্ট্র। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্বাগতিকরা সপ্তম মিনিটেই এগিয়ে যায়।
ক্রিশ্চিয়ান পুলিসিক ও ওয়েস্টন ম্যাককেনির তৈরি করা চাপ সামাল দিতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। সেই গোলেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
প্রথম গোলের পরও আক্রমণের গতি কমায়নি মার্কিনরা। ২৮ মিনিটে ফোলারিন বালোগুন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
তবে হতাশ হতে হয়নি তাকে। মাত্র তিন মিনিট পর পুলিসিকের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন এই স্ট্রাইকার।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একবার জ্বলে ওঠেন বালোগুন। মালিক টিলম্যানের পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি। ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে যুক্তরাষ্ট্র।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে এনসিসোর সহায়তায় মাউরিসিও গোল করে ব্যবধান কমালেও ম্যাচে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি তারা। বরং শেষ দিকে আরেকটি গোল যোগ করে জয় আরও বড় করে নেয় স্বাগতিকরা। ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে চতুর্থ গোল করে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে দাপুটে জয়।
ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে এই যোগ করা সময়ের গোলে। দলের শেষ আক্রমণে বল পেয়ে জিও রেইনা নিখুঁত ফিনিশিংয়ে জড়িয়ে দেন প্যারাগুয়ের জালে। তার গোলেই স্কোরলাইন দাঁড়ায় ৪-১, আর সেই গোলের সুবাদেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়ে যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনও কোনো ম্যাচে চারবার প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি মার্কিনরা। তাই রেইনার গোলটি শুধু একটি জয় নিশ্চিত করেনি, বরং যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছে।