স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
বিশ্বকাপের গ্রুপ 'ডি'-এর রোমাঞ্চকর ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে মরক্কো। এই জয়ের ফলে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সাময়িকভাবে টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে আফ্রিকান লায়ন্সরা।
অন্যদিকে এক ম্যাচ কম খেলা ব্রাজিল আজ হাইতির মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিলের সামনে এখন গ্রুপ সেরা হওয়ার জন্য অন্তত ২ গোলের ব্যবধানে জেতার সমীকরণ দাঁড়িয়েছে।
পরাজয় সত্ত্বেও ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, কারণ তারা প্রথম ম্যাচে হাইতিকে হারিয়েছিল।
ম্যাচ শুরুর মাত্র এক মিনিটের মাথায় লিড নেয় মরক্কো।
ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করা সাইবারি আবারও কাঁপিয়ে দেন প্রতিপক্ষের জাল। ব্রাহিম দিয়াজের এক চমৎকার পাস থেকে দারুণ এক জোরালো শটে স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করেন তিনি।
তবে এই শুরুর উত্তেজনা বাদে প্রথমার্ধের বাকি সময়টা ছিল ম্যাড়মেড়ে। দুই দলের অন-টার্গেট শট ছিল কেবল ওই একটিই।
ম্যাচের নিয়ন্ত্রণ মরক্কোর হাতে থাকলেও তারা পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। প্রথমার্ধের শেষের দিকে খানৌস একটি সুযোগ পেলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে স্কটল্যান্ড ৪৫তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায়, কিন্তু রবার্টসনের ক্রস থেকে ম্যাকগিন বল জালে জড়াতে ব্যর্থ হন।
বিরতির পর দুই দলই নতুন উদ্যমে খেলা শুরু করে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সাইবারির একটি শট পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান দ্বিগুণ করা হয়নি মরক্কোর। এরপর কর্নার থেকে আসা আরেকটি দারুণ আক্রমণ রুখে দেন স্কটিশ গোলরক্ষক।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠের লড়াই বেশ উত্তপ্ত হয়ে ওঠে। ডি-বক্সের ভেতর বল দখলের লড়াইয়ের সময় মরক্কোর মিডফিল্ডার আইনাউই-এর জার্সি ছিঁড়ে যায়, যার ফলে রেফারি ম্যাচ থামিয়ে তাকে জার্সি পরিবর্তনের সুযোগ দেন। শুধু তাই নয়, প্রথমার্ধে প্রতিপক্ষ খেলোয়াড়ের হাঁটুর আঘাতে মুখ ফেটে রক্ত ঝরেছিল আইনাউই-এর। প্রাথমিক চিকিৎসার পর মাউথগার্ড পরে আবারও বীরত্বের সঙ্গে মাঠে লড়াই চালিয়ে যান তিনি।
ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় স্কটল্যান্ড। তবে মরক্কোর রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি তাদের পক্ষে। উল্টো ইনজুরি টাইমে মরক্কো ব্যবধান বাড়ানোর কিছু সুযোগ হাতছাড়া করে। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মরক্কো।