ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মার্কিন হামলায় ইরানে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩ বার


মার্কিন হামলায় ইরানে নিহত ১৮

মার্কিন বাহিনীর চালানো নতুন হামলায় ইরানে ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দি এ তথ্য জানিয়েছেন।

 

পৃথক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে নিজেদের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ‘চূড়ান্তভাবে’ প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান।

 

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাতে মার্কিন সরকার আবারও ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। তারা বেশ কিছু বেসামরিক স্থাপনা ও সেবা খাতের অবকাঠামোতে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন ইরানি নাগরিক নিহত ও আহত হয়েছেন এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

এর আগে বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনা সদস্যদের ওপর আইআরজিসির সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবে তাদের বাহিনী ‘ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে এক দফা হামলা সম্পন্ন করেছে।’

এর জবাবে ইরান জর্ডান, কুয়েত, বাহরাইন, ইরাকের আংশিক স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়।

 

সূত্র: সিনহুয়া


   আরও সংবাদ