ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬ ১৭:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২২৮ বার
নিজস্ব প্রতিবেদক।
অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, বাংলাদেশ-এর নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনের দাবি জানানো হয়েছে। সংগঠনটির গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরিয়ে আনা, কর্মকর্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সাধারণ কর্মকর্তাদের স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্বের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি জানানো হয়।
এ সংক্রান্ত একটি আবেদনপত্রে উল্লেখ করা হয়, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি দেশের ব্যাংকিং খাতের একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক সংগঠন। ১৯৭২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছিল। নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০১৯ সালের পর থেকে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে আবেদনপত্রে দাবি করা হয়েছে।
আবেদনপত্রে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সাধারণ কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া ও বিভিন্ন সমস্যা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এতে কর্মকর্তাদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রের সমস্যা সমাধান এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি সাধারণ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
আবেদনকারীরা উল্লেখ করেন, সাধারণ কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সংগঠনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো কর্তৃপক্ষের কাছে কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব। একই সঙ্গে কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, বিদ্যমান সমস্যার সমাধান এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
এ অবস্থায় অগ্রণী ব্যাংক পিএলসির সাধারণ কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনটির গণতান্ত্রিক ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার স্বার্থে অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, বাংলাদেশ-এর নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।