ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত না করে স্থাপনা নির্মাণের আহ্বান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২ বার


প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত না করে স্থাপনা নির্মাণের আহ্বান

স্থাপনা নির্মাণের সময় প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ও মানুষের প্রয়োজনে স্থাপনা নির্মাণ করতে হবে।

তবে যতটা সম্ভব প্রকৃতিকে আঘাত না করে এবং ধ্বংস না করে কাজ করতে হবে। প্রকৃতি সংরক্ষণ করা গেলে শেষ পর্যন্ত তা সবারই উপকারে আসবে।

 

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ওসমানী উদ্যান দীর্ঘদিন বন্ধ ছিল।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উদ্যানটি সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। পাশাপাশি নতুন করে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ।

সংস্কার ও নির্মাণকাজ শেষে আজ তা উদ্বোধন করা হলো।

 

স্থাপনা নির্মাণে প্রকৃতির ক্ষতি কমানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওসমানী উদ্যানের উন্নয়নকাজ করতে গিয়ে অনেক গাছ কাটা হয়েছে। এ প্রসঙ্গে স্থাপত্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, যতটা সম্ভব প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত না করে স্থাপনা নির্মাণ করতে হবে। দেশের ও মানুষের প্রয়োজনে স্থাপনা তৈরি করতে হলেও প্রকৃতি সংরক্ষণের বিষয়টি মাথায় রাখতে হবে।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন আগে তিনি রাজধানীর হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারি হাসপাতাল ও কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা কিছুটা ভালো।

ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই উদ্যান ও স্মৃতিস্তম্ভ দেখতে আসবেন, তাদের এমন কাজ থেকে বিরত থাকতে হবে, যাতে পরিবেশ নষ্ট হয় বা ময়লা জমে। পাশাপাশি উদ্যান ও স্মৃতিস্তম্ভের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি সরকারি সম্পত্তি। তাই যারা এখানে আসবেন, তাদের সবার দায়িত্ব হলো এর পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখা।


   আরও সংবাদ