ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সংস্কৃতিতে দলীয় নিয়ন্ত্রণ জোরদার করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


সংস্কৃতিতে দলীয় নিয়ন্ত্রণ জোরদার করছে চীন

চীনের কমিউনিস্ট পার্টি সংস্কৃতিকে রাজনৈতিক লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করে আসছে। এবার দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নতুন সাংস্কৃতিক তত্ত্বের মাধ্যমে প্রচার, গণমাধ্যম, সাহিত্য, শিল্পকলা, ধর্ম ও ইন্টারনেটের ওপর দলীয় নিয়ন্ত্রণ আরও প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ সামনে এসেছে।

এতে জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসের কথা বলা হলেও স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার পরিসর সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

গত ১২ অক্টোবর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলিতে প্রকাশিত এক তাত্ত্বিক নিবন্ধে শি চিনপিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারাকে দলীয় নিয়ন্ত্রণ জোরদারের একটি পূর্ণাঙ্গ কাঠামো হিসেবে তুলে ধরা হয়েছে।

 

পিকিং বিশ্ববিদ্যালয়ের মার্ক্সবাদ স্কুলের অধ্যাপক সান লাইবিনের লেখা নিবন্ধে সম্প্রতি প্রকাশিত শি চিনপিং কালচারাল অ্যান্থলজির প্রথম ও দ্বিতীয় খণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংকলনটিকে শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বরং প্রচার, মতাদর্শ ও সংস্কৃতির ওপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ শক্তিশালী করার ব্যবহারিক নির্দেশিকা হিসেবেও উপস্থাপন করা হয়েছে।

 

নিবন্ধটির মূল বক্তব্য হলো, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক লক্ষ্য পূরণে ভূমিকা রাখতে হবে। এতে মতাদর্শিক সামঞ্জস্যকে জাতীয় স্থিতিশীলতা ও চীনের পুনর্জাগরণের জন্য অপরিহার্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

 

সান লাইবিনের ভাষ্য অনুযায়ী, প্রচার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে পার্টির ভবিষ্যৎ, দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং জাতীয় সংহতির প্রশ্ন জড়িত। সংকলনটির ৭৮টি লেখাকে শি চিনপিংয়ের তাত্ত্বিক কর্তৃত্ব ও চীনের ‘সাংস্কৃতিক আত্মবিশ্বাসের’ প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।

তবে এই নীতির মধ্য দিয়ে কোন ধরনের চিন্তা তৈরি হবে, কীভাবে তা ছড়িয়ে পড়বে এবং কোন মতের সঙ্গে বিতর্ক করা যাবে, সেসব বিষয়ে পার্টির কর্তৃত্ব আরও বিস্তৃত হওয়ার প্রশ্নও সামনে এসেছে।

সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে দলীয় নেতৃত্ব
মতাদর্শের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ধারণা চীনের কমিউনিস্ট পার্টির জন্য নতুন নয়। লেনিনবাদী ঐতিহ্য অনুসারে, রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে মতাদর্শিক নিয়ন্ত্রণকে গুরুত্বপূর্ণ মনে করে দলটি। তবে শি চিনপিংয়ের আমলে এই নীতিকে আরও বিস্তৃত ও সুসংহত কাঠামোয় রূপ দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে।

এই কাঠামোর আওতায় শুধু গণমাধ্যম নয়, সাহিত্য, শিল্পকলা, ধর্ম ও ইন্টারনেটও রয়েছে। সান লাইবিন পার্টির নেতৃত্বকে ‘সামগ্রিক ও সর্বব্যাপী’ হিসেবে বর্ণনা করেছেন, যার আওতা সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র ও কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত।

এই মতাদর্শের ভিত্তি মার্ক্সবাদী তত্ত্ব। এর একটি মূল ধারণা হলো, সমাজে প্রভাবশালী চিন্তা অনেকাংশে প্রভাবশালী বস্তুগত সম্পর্কের প্রতিফলন। চীনা কমিউনিস্ট পার্টির ব্যাখ্যায়, অর্থনীতি ও রাষ্ট্রের ওপর রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের চিন্তা ও জনমতের ওপরও নেতৃত্ব থাকা প্রয়োজন।

অর্থাৎ, শি চিনপিংয়ের সাংস্কৃতিক নীতির লক্ষ্য শুধু সরকারি বক্তব্য প্রচার নয়; বরং কোন ধারণাকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় পরিচয়ের সংজ্ঞা কী হবে, তা নির্ধারণের কর্তৃত্ব পার্টির হাতে রাখা।

গণমাধ্যম ও ইন্টারনেটে নিয়ন্ত্রণের দর্শন
এই নীতির সবচেয়ে স্পষ্ট প্রকাশ দেখা যায় গণমাধ্যম ও ডিজিটাল পরিসরে। সান লাইবিনের নিবন্ধে ‘সঠিক জনমত পরিচালনা’কে পার্টি ও জনগণের স্বার্থের সহায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে। বিপরীতে, ভুল জনমত পরিচালনাকে উভয়ের জন্য ক্ষতিকর বলা হয়েছে।

ইন্টারনেটের ক্ষেত্রেও সেটিকে ‘সঠিকভাবে পরিচালনা ও ব্যবহার’ করার ওপর জোর দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে সরকারের নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়েছে।

এখানে তথ্য নিয়ন্ত্রণকে সাময়িক সংকট মোকাবিলার ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে না। বরং এটিকে রাজনৈতিক শাসনব্যবস্থার স্থায়ী উপকরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিবন্ধটিতে পার্টির শৃঙ্খলা ও জনগণের অংশগ্রহণের মধ্যে সামঞ্জস্যের কথাও বলা হয়েছে। ‘পার্টির বৈশিষ্ট্য’ ও ‘জনগণের বৈশিষ্ট্য’কে অভিন্ন এবং পরস্পরবিরোধী নয় বলে দাবি করা হয়েছে। এর মধ্য দিয়ে পার্টির রাজনৈতিক লক্ষ্য ও জনগণের স্বার্থ শেষ পর্যন্ত একই জায়গায় মিলিত হয়-এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা দেখা যায়।

তবে এ ব্যাখ্যায় এমন পরিস্থিতির জন্য খুব কম জায়গা থাকে, যেখানে নাগরিকদের দাবি বা সাংস্কৃতিক পছন্দ সরকারি অগ্রাধিকারের সঙ্গে ভিন্ন হতে পারে।

জাতীয় নিরাপত্তা, ঐক্য ও সৃজনশীলতার প্রশ্ন
চীনের এই মতাদর্শিক নিয়ন্ত্রণ জোরদারের পেছনে কৌশলগত বিবেচনাও রয়েছে। ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিদেশি সমালোচনা এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতা বাড়তে থাকায় বেইজিং অভ্যন্তরীণ জনমত ও বয়ানের ওপর নিয়ন্ত্রণকে জাতীয় স্থিতিস্থাপকতার অংশ হিসেবে দেখছে।

এই দৃষ্টিভঙ্গিতে সাংস্কৃতিক আত্মবিশ্বাসের সঙ্গে রাজনৈতিক আনুগত্যকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে, মতাদর্শিক ভিন্নমতকে সামাজিক সংহতির জন্য হুমকি হিসেবে উপস্থাপনের সুযোগও তৈরি হয়।

তবে এই ব্যবস্থার মধ্যে একটি মৌলিক দ্বন্দ্ব রয়েছে। একদিকে জাতীয় ঐক্য ও আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে চিন্তার স্বাধীনতা এবং সৃজনশীল পরীক্ষানিরীক্ষার ক্ষেত্র সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উদ্ভাবনকে উৎসাহিত করা হলেও তার জন্য রাজনৈতিকভাবে নির্ধারিত সীমারেখা রয়েছে। সমালোচনার সুযোগ থাকলেও কোন বিতর্ক গ্রহণযোগ্য আর কোনটি মতাদর্শিক বিশৃঙ্খলা হিসেবে বিবেচিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব পার্টির হাতেই থাকছে।

সব মিলিয়ে, শি চিনপিং কালচারাল অ্যান্থলজি শুধু তাঁর বক্তব্যের সংকলন নয়; বরং মতাদর্শিক নেতৃত্বকে দীর্ঘস্থায়ী শাসনব্যবস্থার অংশে পরিণত করার একটি প্রচেষ্টা। বেইজিংয়ের দৃষ্টিতে সাংস্কৃতিক ঐক্য জাতীয় শক্তির উৎস। তবে প্রশ্ন থেকে যায়, প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠিত ঐক্য সত্যিকার আত্মবিশ্বাস ও সৃজনশীলতা তৈরি করতে পারবে, নাকি মতাদর্শিক আনুগত্যের দাবি শেষ পর্যন্ত চীনের সাংস্কৃতিক বিকাশের পরিসর সংকুচিত করবে?

সূত্র: ডেইলি মিরর, ২৩ অক্টোবর ২০২৬


   আরও সংবাদ