ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২৩ বছরের আক্ষেপ ঘোচাতে চাই

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


২৩ বছরের আক্ষেপ ঘোচাতে চাই

বাংলাদেশ ফুটবলে এখন এক নতুন উদ্দীপনার নাম হামজা চৌধুরী। দেশের সমর্থকদের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ এই তারকা অনুভব করছেন এক পরম দায়বদ্ধতা।

সেই ভালোবাসার প্রতিদান দিতে তার একমাত্র লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপের ২৩ বছরের দীর্ঘ ট্রফি-খরা ঘুচিয়ে শিরোপা ঘরে তোলা।

 

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ও দলের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন হামজা।

 

দলের সাম্প্রতিক ম্যাচগুলোতে গোল হাতছাড়া বা স্ট্রাইকিং পজিশনের দুর্বলতা নিয়ে বিন্দুমাত্র চাপ বা হতাশা নেই হামজার। সতীর্থদের ওপর শতভাগ আস্থা রেখে তিনি বলেন, 'ফুটবল পুরোপুরি একটি টিম গেম।

এটি কোনো একক ব্যক্তির খেলা নয়। দল হিসেবে আমরা ধাপে ধাপে উন্নতি করছি।

মাঠে প্রচুর আক্রমণ ও সুযোগ তৈরি হচ্ছে, খুব দ্রুতই সেগুলো গোলে রূপান্তরিত হবে।'

 

ছবি: জিএম মুজিবুর

হামজা জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই লাল-সবুজের সমর্থকদের মধ্যে তুমুল ক্রেজ তৈরি হয়েছে। তবে বিষয়টিকে একক কৃতিত্ব না দিয়ে সমিত সোম, ফারহান ওয়াহিদ কিংবা ফাহমিদুলদের জাতীয় দলে যুক্ত হওয়ার সময়টাকে ‘পারফেক্ট টাইমিং’ হিসেবে আখ্যা দেন তিনি।
হামজার মতে, শুধু বাহ্যিক উন্মাদনা বা হাইপে আটকে থাকার সময় শেষ; এখন মূল লক্ষ্য মাঠে সেরাটা দিয়ে শিরোপা ছিনিয়ে আনা।

শ্রীলঙ্কা-ভুটান ম্যাচের সমীকরণ কিংবা প্রতিপক্ষ কোচের কোনো মন্তব্যে কান দিতে রাজি নন হামজা। তার সাফ বার্তা অন্য দল কী করছে তা নিয়ে ভাবার সময় নেই, বাংলাদেশ নিজের সেরা ফুটবল খেলে ম্যাচ বের করে আনতে প্রস্তুত।

ইংল্যান্ডে খেলার সময় থেকেই প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অকাতর ভালোবাসা পাওয়ার কথা স্মৃতির কোটর থেকে স্মরণ করেন হামজা। দেশের কোটি সমর্থকের সেই ভালোবাসার ঋণ শোধ করতেই ২০০৩ সালের পর আবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ট্রফি উপহার দিতে চান তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।


   আরও সংবাদ