ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাজনৈতিক কারণে গ্রামের বাড়িতে হামলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


রাজনৈতিক কারণে গ্রামের বাড়িতে হামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি মনে করছেন, ব্যক্তিগত শত্রুতার জেরে নয়, রাজনৈতিক কারণেই কুষ্টিয়ায় তার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন।

তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা অন্য কোনো পক্ষ এতে জড়িত থাকতে পারে বলে তাঁর ধারণা।

 

নুসরাত তাবাসসুম জানান, বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এতে তাঁর বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

 

এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওতে বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

এ সময় কয়েকজনকে চিৎকার করে কথা বলতেও শোনা যায়।

 

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

 

 

 

এর আগে গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এটি গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।’


   আরও সংবাদ