ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
কার্তিক মাসের সকাল। মৃদু কুয়াশা ভেদ করে সূর্যের আলো সবে ফুটতে শুরু করেছে।
এমন সকালেই পাখির খোঁজে চা বাগানের এদিক-ওদিক ঘুরে বেড়ানোর এক অদম্য আকর্ষণ রয়েছে।
আপাতদৃষ্টিতে মনে হতে পারে, চা বাগান মানেই নিচে ঘন সবুজ চা-গাছের গালিচা আর ওপরে ছায়াবৃক্ষের দীর্ঘ সারি।
কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানেই খুঁজে পাওয়া যায় অনেক কিছু! শুধু প্রয়োজন অনুসন্ধানী মন ও তীক্ষ্ণ দৃষ্টি।
চা বাগানের নানা প্রান্তে হঠাৎ হঠাৎ দেখা মেলে বিভিন্ন ‘বিরল’ ও ‘দুর্লভ’ পাখি, ফুল ও বন্যপ্রাণীর। ধৈর্য ধরে গভীর মনোযোগের সঙ্গে খুঁজে বেড়ালে মাঝেমধ্যে এমন প্রাপ্তির দেখা মেলে।
দিনের সুপ্রসন্ন ভাগ্যই যেন এমন প্রাপ্তির জানান দেয়!
হঠাৎ কিছু দূরে চোখে পড়ল ছায়াবৃক্ষের মগডালে বসে থাকা একটি ধূসর পাখি। ঠোঁটে পোকা নিয়ে খাবার খেতে ব্যস্ত সে। আকারে খুব বড় নয়, আবার একেবারে ছোটও নয়। সাধারণ দৃষ্টিতে কোকিল-পাপিয়া প্রজাতির পাখি মনে হলেও তখনই সেটিকে সুস্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
কিছুটা এগিয়ে যেতেই বিরক্তিবোধের কারণে হয়তো পাখিটি উড়ে গেল। অদূরের একটি ডালে গিয়ে বসল সে। সেখানে চা-গাছের আড়ালে যতটা সম্ভব আত্মগোপন করে পৌঁছানোর চেষ্টা করা হলো। এর ফলে ভালো কিছু ছবি ক্যামেরাবন্দি করার সুযোগ পাওয়া গেল।

প্রকৃতিতে খুব কম দেখে মেলে বিরল ‘গায়ক কোকিল’ পাখির/ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
এবার পাখিটিকে শনাক্ত করার পালা! প্রথমে কয়েকটি পাখিবিষয়ক বইয়ের ছবির সঙ্গে মিলিয়ে দেখেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেল না। পরে সাহায্য নেওয়া হলো বন্যপ্রাণীবিষয়ক আলোকচিত্রী আবু বকর সিদ্দিকের। তিনি জানান, এটি সম্ভবত Common Cuckoo হতে পারে।
পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বন্যপ্রাণীবিষয়ক বহুগ্রন্থের লেখক ড. মনিরুল এইচ খানের সঙ্গে। তিনি বলেন, এটি Common Cuckoo। আগে এর নাম ছিল Eurasian Cuckoo। পাখিবিজ্ঞানীরা পরবর্তীকালে এর নামকরণ করেন Common Cuckoo। পাখিটির প্রচলিত বাংলা নাম নেই। তবে একে ‘গায়ক-কোকিল’ বলা যেতে পারে।
ড. মনিরুল এইচ খান রচিত ‘ফটোগ্রাফিক গাইড টু দ্য ওয়াইল্ডলাইফ অব বাংলাদেশ’ গ্রন্থ থেকে জানা যায়, Cuculidae (কুকুলিডি) গোত্রের এই পাখিটির দৈর্ঘ্য ৩৩ সেন্টিমিটার। পাখিটির বৈজ্ঞানিক নাম Cuculus canorus (কুকুলাস ক্যানোরাস)। পাখিটি ‘আনকমন প্যাসেজ ভিজিটর’ অর্থাৎ বিরল পথ-পরিযায়ী পাখি।
‘আনকমন প্যাসেজ ভিজিটর’ বলতে সেসব পাখিকে বোঝানো হয়, যারা এক দেশ থেকে অন্য দেশে পরিযায়নের সময় মধ্যবর্তী কোনো দেশে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে আসে। পাখিবিজ্ঞানীরা এ ধরনের পাখিকে এই বিশেষ পরিভাষায় শনাক্ত করেছেন।

ঠোঁট ফাঁক করে ‘গায়ক কোকিল’ এর ক্লান্তির প্রকাশ/ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
‘কমন কুক্কু’ পাখিটিও এক দেশ থেকে অন্য দেশে যাত্রাকালে বাংলাদেশের সিলেট বিভাগের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে এসেছে। এমন একটি পথ-পরিযায়ী পাখির হঠাৎ দেখা পাওয়া এবং তার ছবি ক্যামেরাবন্দি করা সত্যিই দুর্লভ ঘটনা!
বাংলাদেশের বন্যপ্রাণী জ্ঞানকোষে এই কমন কুক্কু পাখিটিকে ‘পাতি-পাপিয়া’ নামেও উল্লেখ করা হয়েছে। ‘কমন কুক্কু’ ধূসর রঙের পাখি। পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। পুরুষ পাখির পিঠ ধূসর এবং দেহের নিচের অংশ সাদা। থুতনি, গলা ও বুক ফিকে ছাইরঙের। সাদা পেট, বগল ও লেজের নিচের ঢাকনির ওপর কালো সরু ডোরা রয়েছে। কালচে-বাদামি লেজের আগা সাদা।
স্ত্রী পাখির চেহারা দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের স্ত্রী পাখির ধূসর বুকের নিচে হালকা লাল রঙের ছাপ ছাড়া পুরুষ পাখির সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই। অন্য ধরনের স্ত্রী পাখি কলিজারঙের হয়ে থাকে। এদের লেজসহ লালচে-বাদামি পিঠে কালচে-বাদামি ডোরা এবং সাদা দেহের নিচের অংশে কালচে ডোরা থাকে। পুরুষ ও স্ত্রী উভয় পাখির পা, পায়ের পাতা এবং চোখ হলুদ।
অধ্যাপক ড. মনিরুল এইচ খান আরও বলেন, কমন কুক্কু বা গায়ক-কোকিল বাংলাদেশের একটি বিরল পরিযায়ী পাখি। চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের বৃক্ষবহুল অঞ্চলে এই পাখিটির দেখা পাওয়ার রেকর্ড রয়েছে। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও এশিয়াসহ ভারতের বিভিন্ন অঞ্চলে এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে।