ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কুমিল্লায় প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


কুমিল্লায় প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার প্রসারে কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

খুব শিগগিরই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক।

 

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন দৃঢ় করে।

এর মধ্য দিয়ে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

 

তিনি আরও বলেন, ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শিগগিরই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে।

 

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, শুধু নির্দিষ্ট কোনো মৌসুমে নয়, বছরজুড়েই ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দল-মতনির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের আশ্বাসও দেন গণপূর্তমন্ত্রী। যাতে নতুন প্রজন্ম খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ পায়, সে লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি।

১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।


   আরও সংবাদ