ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ ১৪:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্ট থেকে নিজেদের যুব দল প্রত্যাহার করে নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

বুধবার বিষয়টি ইএসপিএনকে নিশ্চিত করেছে ইউএস সকার।

 

গত ২৩ অক্টোবর কাতার ভ্রমণের বিষয়ে তৃতীয় স্তরের সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মধ্যপ্রাচ্যের দেশটিতে সশস্ত্র সংঘাতের ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয় ওই সতর্কবার্তায়। এর পেছনে প্রতিবেশী সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও উল্লেখ করা হয়।

 

বুধবার এক চিঠির মাধ্যমে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খেলোয়াড়দের জানায় ইউএস সকার। চিঠিতে বলা হয়, ‘বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল এবং বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ প্রত্যাহারের কঠিন সিদ্ধান্তের কথা জানাচ্ছি।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে আমাদের খেলোয়াড় ও কোচদের প্রস্তুতি নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।’

 

সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে চিঠিতে আরও বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান পরিস্থিতি, বিশেষ করে কাতার নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনার কারণে আমরা আর টুর্নামেন্টে অংশ নিতে পারছি না। খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্থতা ও নিরাপত্তাই সবসময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

এর আগে ইউএস সকার কালেকটিভ সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর খবর প্রকাশ করে।

আগামী ১৯ নভেম্বর শুরু হবে ৪৮ দলের এই টুর্নামেন্ট। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। গত সপ্তাহেই বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৭ দলের কোচ অ্যালেক্স আলদাজ।

সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।

গত আসরেও কাতারে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে অর্থাৎ শেষ ৩২-এর পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে।

২০২৪ সালে ফিফা ঘোষণা দিয়েছিল, ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ আয়োজন করবে কাতার।


   আরও সংবাদ