ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার (১৫ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জহির উদ্দিন স্বপন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের পথ তৈরি করেছিল।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মর্তুজা এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, এ দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনাকে ধারণ করে।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে এ দিনের শিক্ষা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে কনস্যুলেট ও স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।