ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কমলগঞ্জে খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ ০৯:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


কমলগঞ্জে খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব

পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে মুখর হয়ে উঠেছিল মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি। ঐতিহ্যবাহী পোশাক, পাহাড়ি নৃত্য, লোকগান, তীর-ধনুকের খেলা আর বাহারি পণ্যের মেলায় উৎসবের রঙ ছড়িয়ে পড়ে চারদিকে।

খাসিয়া সম্প্রদায়ের ১২৭তম বর্ষবিদায় ও ১২৮তম বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ‘সেং কুটস্নেম’ উৎসবে মিলেছিল নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণের মেলা।

 

নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে প্রজন্মের পর প্রজন্ম ধরে উৎসবটি পালন করে আসছে খাসিয়া জনগোষ্ঠী।

তাঁদের কাছে সেং কুটস্নেম শুধু একটি বর্ষবিদায় অনুষ্ঠান নয়, বরং নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার বিশেষ উপলক্ষ।

 

সোমবার (২৩ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।

এতে সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে আসা মানুষ অংশ নেন। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে মিলনমেলা।

 

নাচে-গানে বর্ণিল আয়োজন
উৎসবের মূল আকর্ষণ ছিল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা। নিজস্ব পোশাকে সজ্জিত শিল্পীরা পাহাড়ি নৃত্য ও আদি লোকগানের মাধ্যমে নিজেদের ইতিহাস, জীবনযাপন এবং সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। তাঁদের পরিবেশনায় উঠে আসে জুম চাষসহ জীবিকা ও প্রকৃতিনির্ভর জীবনধারার নানা চিত্র।

উৎসবের মঞ্চটিও সাজানো হয়েছিল প্রকৃতির উপকরণ দিয়ে। বাঁশ, বেত ও গাছের লতাপাতা ব্যবহার করে তৈরি করা হয়েছিল নান্দনিক মঞ্চ ও বিভিন্ন স্টল। পুরো আয়োজনেই ছিল পাহাড়ি সংস্কৃতি ও প্রকৃতির নিবিড় সম্পর্কের ছাপ।

ঐতিহ্যবাহী খেলায় বাড়তি আনন্দ
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উৎসবে ছিল নানা ধরনের লোকজ খেলা ও প্রতিযোগিতা। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা। বাঁশের একেবারে শীর্ষে রাখা মোবাইল ফোনটি সংগ্রহ করতে প্রতিযোগীদের প্রাণান্তকর চেষ্টা করতে দেখা যায়।

অন্যদিকে কেউ তীর-ধনুক হাতে লক্ষ্যভেদে ব্যস্ত ছিলেন। আবার কেউ গুলতি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার প্রতিযোগিতায় অংশ নেন। এসব আয়োজন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

মেলায় ছিল খাসিয়া সংস্কৃতির পরিচয়
উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই বসে ঐতিহ্যবাহী মেলা। বিভিন্ন স্টলে সাজানো হয় খাসিয়া জনগোষ্ঠীর নিজস্ব পোশাক, পান, তীর-ধনুক এবং বাঁশ ও বেতের তৈরি নানা ব্যবহার্য সামগ্রী। এসব পণ্যের মধ্য দিয়ে দর্শনার্থীরা খাসিয়াদের জীবনযাপন ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান।

মেলায় ঘুরে ঘুরে পণ্য দেখেন স্থানীয় বাসিন্দা, পর্যটক ও অন্যান্য অতিথিরা। কেউ সংগ্রহ করেন ঐতিহ্যবাহী সামগ্রী, কেউ আবার উপভোগ করেন স্থানীয় খাবার ও সাংস্কৃতিক পরিবেশনা।

১৮৯৯ সাল থেকে উৎসবের ঐতিহ্য
খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সেং কুটস্নেম তাঁদের একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসব। ব্রিটিশ শাসনামল থেকে ভারতের মেঘালয়ে ২৩ নভেম্বর খাসি বর্ষবিদায় পালনের ঐতিহ্য রয়েছে। ২৪ নভেম্বর থেকে শুরু হয় নতুন বর্ষের হিসাব।

খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী (সমাজপ্রধান) জিডিসন প্রধান সুছিয়াংর বলেন, ‘সেং কুটস্নেমের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। এটি আমাদের জনগোষ্ঠীর একটি সর্বজনীন উৎসব। প্রতিবছরের মতো এবারও মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে।’

বৃহত্তর আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সাজু মারছিয়াং জানান, ১২৭তম বর্ষবিদায় ও ১২৮তম বর্ষবরণ উপলক্ষে এবারের আয়োজন করা হয়েছে। খাসিয়া জনগোষ্ঠীর মানুষ ১৮৯৯ সাল থেকে এই উৎসব পালন করে আসছেন। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ২০১১ সাল থেকে এ আয়োজন করা হচ্ছে। উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা চলছে।

সম্প্রীতি ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার আয়োজন
আয়োজকদের মতে, সেং কুটস্নেম কেবল আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে খাসিয়া জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক পরিচয়, বোঝাপড়া ও সম্প্রীতি বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

খাসি সোশ্যাল কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সহযোগিতা করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনভর নাচ, গান, খেলাধুলা ও মেলার আয়োজন শেষে উৎসবস্থলে ছড়িয়ে পড়ে এক প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে খাসিয়া জনগোষ্ঠী আবারও তুলে ধরল তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়। এমন আয়োজন শুধু একটি সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণেই ভূমিকা রাখে না, বরং বহুজাতিক বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকেও করে তোলে আরও সমৃদ্ধ।


   আরও সংবাদ