ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জায়ান আহমেদের নতুন অধ্যায়

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


জায়ান আহমেদের নতুন অধ্যায়

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিভাবান ডিফেন্ডার জায়ান আহমেদ মধ্যপ্রাচ্যের ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই লেফটব্যাক সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ‘রিমাল আল সাহরা এসসি’তে যোগ দিয়েছেন। গত মঙ্গলবার ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাজদ এফসির বিপক্ষে মাঠে নেমে ক্লাবটির হয়ে অভিষেকও হয়েছে তার।

 

নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি।

 

তবে বদলি হিসেবে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন জায়ান। ম্যাচের ৪৬ মিনিটে ইংলিশ ডিফেন্ডার টাইলাহ সানচেজের পরিবর্তে তাকে মাঠে নামান কোচ।

২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা ক্লাবটি অল্প সময়েই আমিরাতের ফুটবলে নজর কাড়ে। বর্তমানে থার্ড ডিভিশন লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

 

আগামী মৌসুমে সেকেন্ড ডিভিশনে উন্নীত হওয়ার দৌড়েও তারা বেশ এগিয়ে।

ক্যারিয়ারের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে আরও পরিণত করতেই এই ক্লাবকে বেছে নিয়েছেন জায়ান। এর আগে কানাডায় ট্রায়াল দিলেও সার্বিক বিবেচনায় আরব আমিরাতের পেশাদার ফুটবল কাঠামোকেই বেশি উপযোগী মনে হয়েছে তার কাছে।

 

যুক্তরাষ্ট্রে ফুটবলার বাবা শরীফ আহমেদের হাত ধরে ফুটবলে হাতেখড়ি জায়ানের।

 

 

গত বছরের জুনে বাংলাদেশে ট্রায়াল দিতে এসে নজর কাড়েন তিনি। এরপর এএফসি অনূর্ধ্ব-২৩ দলে ভালো পারফরম্যান্স করে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার।

গতি ও ড্রিবলিং দক্ষতায় ইতিমধ্যে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন এই ডিফেন্ডার। সর্বশেষ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে ফিরে পড়াশোনার পাশাপাশি ফিটনেস ধরে রেখেছিলেন তিনি। এখন নতুন দেশ ও নতুন লিগে নিজেকে প্রমাণ করাই জায়ানের সামনে বড় চ্যালেঞ্জ।


   আরও সংবাদ