ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সুপার এইট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


 সুপার এইট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা

হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭৬ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। সেই লক্ষ্যটা এইডেন মার্করামের ঝড়ে সহজেই ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। ৪৪ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে ১৭ বল আগেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেন মার্করাম। এই জয়ে টানা তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক করল প্রোটিয়ারা।

কানাডা, আফগানিস্তানের পর তাদের শিকার এবার নিউজিল্যান্ড। এই জয়ে সুপার এইটও নিশ্চিত হয়ে গেলো প্রোটিয়াদের।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে তারা ১৭৫ রান সংগ্রহ করে।

জবাবে খেলতে নেমে প্রোটিয়া দুই ওপেনার কুইন্টন ডি কক ও মার্করাম কিউই বোলারদের ওপর ঝড় বইয়ে দেন। ৪.৪ ওভার ব্যাটিং করে দুই ওপেনার গড়েন ৬২ রানের জুটি। ১৪ বলে ২০ রান করে কুইন্টন আউট হলেও ঝড় থামেনি। তিন নম্বরে নেমে রায়ান রিকেলটনও ঝড় অব্যাহত রাখেন।

তৃতীয় উইকেটে মার্করামের সঙ্গে গড়েন ১৮ বলে ৪০ রানের জুটি। রিকেলটন ১১ বলে খেলেন ২১ রানের ইনিংস। পরে ডেওয়াল্ড ব্রেভিস ১৭ বলে ২১ রান করে আউট হলেও সহজ জয় পেতে সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার।

 

চতুর্থ উইকেটে মার্করাম ও ডেভিড মিলার মিলে ৩৩ বলে অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটি গড়েন। মিলার ১৭ বলে ২৪ রানে অপরাজিত থাকলেও মার্করাম ছিলেন সেঞ্চুরি ছোঁয়া দূরত্বে; খেলেন ৪৪ বলে ৮৬ রানের ইনিংস।

বিস্ফোরক এই ইনিংস খেলতে মার্করাম মারেন ৮টি চার ও ৪টি ছক্কা। তাঁর এমন ব্যাটিংয়েই ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ফেলে প্রোটিয়ারা।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন আউট হন ১৩ ও ৩১ রান করে। তিন নম্বরে নামা রাচিন রবীন্দ্রও ভালো করতে পারেননি; ১৩ রান করে বিদায় নেন এই ব্যাটার। টপ অর্ডারের তিন ব্যাটারকেই ফেরান মার্কো জানসেন।

৬৪ রানে চার উইকেট হারানোর পর মার্ক চাপম্যান ও ড্যারিল মিচেল মিলে গড়েন ৭৪ রানের জুটি। ২৬ বলে ৪৮ রান করা চাপম্যান আউট হতেই জুটি ভাঙে, তখন স্কোরবোর্ডে রান ১৩৮। জিমি নিশাম ১৫ বলে ২৫ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে কিউইরা ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায়।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন মার্কো জানসেন।


   আরও সংবাদ