ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারত-পাকিস্তান মহারণ আজ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


ভারত-পাকিস্তান মহারণ আজ

বছর ঘুরে বৈশ্বিক আসর আসা মানেই ক্রিকেট বিশ্বের হৃদস্পন্দন বেড়ে যাওয়া—কারণ সামনেই ভারত-পাকিস্তান দ্বৈরথ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না, বরং এবার চিরচেনা এই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। 

সব শঙ্কা আর অনিশ্চয়তার কুয়াশা ঠেলে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই পরাশক্তি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই মহারণ।

 

এবারের লড়াইয়ের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়াকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা এবং রাজনৈতিক টানাপোড়েন মিলিয়ে ম্যাচটি নিয়ে তৈরি হয়েছিল চরম নাটকীয়তা। তবে সব বিতর্ক পেছনে ফেলে ক্রিকেট দুনিয়া এখন তাকিয়ে প্রেমাদাসার ২২ গজে।

পরিসংখ্যানের পাতায় চোখ বুলালে পরিষ্কারভাবে এগিয়ে থাকবে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ৮বারের দেখায় ৭বারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া; পাকিস্তানের জয় মাত্র একটি। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৬টি লড়াইয়ের মধ্যে ১৩টিতেই শেষ হাসি হেসেছে ভারত। সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর টাটকা স্মৃতিও সূর্যকুমার যাদবদের আত্মবিশ্বাস জোগাবে।

 

তবে এবারের লড়াইয়ে মাঠের পারফরম্যান্সের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ‘হ্যান্ডশেক’ বা করমর্দন বিতর্ক।

কাশ্মীরের পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর রেশ ধরে এশিয়া কাপের কোনো ম্যাচেই দুই দলের অধিনায়কদের হাত মেলাতে দেখা যায়নি। এবার সেই প্রথা ভাঙবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

 

এ প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা বল ঠেলে দিয়েছেন ভারতের কোর্টে। তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়।

করমর্দন নিয়ে সিদ্ধান্ত ওরাই নিক।’ 

 

অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব রহস্য বজায় রেখে বলেছেন, ‘টসের সময় হ্যান্ডশেক হবে কি না, তা দেখার জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’

২০০৭-এর সেই ঐতিহাসিক ‘বোল আউট’ থেকে শুরু করে ২০২২ বা ২০২৪-এর স্নায়ুচাপের লড়াই—ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিভক্ত পৃথিবী। দুই বছর পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে দুই দলের। সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যান ভারতকে ফেভারিট মানলেও, টি-টোয়েন্টিতে পাকিস্তান যেকোনো দিন চমক দেখাতে পারে।

আজ রাতে কলম্বোর আকাশে কার বিজয়কেতন উড়বে? ভারত কি তাদের দাপট ধরে রাখবে নাকি পাকিস্তান লিখবে নতুন কোনো ইতিহাস? উত্তর পেতে চোখ থাকবে টিভি পর্দায়।


   আরও সংবাদ