ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিক্ষককে জিম্মি করে ৯৭ হাজার টাকা লুট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ মার্চ, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


শিক্ষককে জিম্মি করে ৯৭ হাজার টাকা লুট

কুমিল্লা: কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। 

কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন থেকে অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

 

ভুক্তভোগী শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল জানান, বুধবার দুপুরে জরুরি কাজে সহকর্মীর প্রাইভেটকারে করে তিনি কোটবাড়ি এলাকায় যান। সেখানে ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তার সামনে থামে। গাড়িতে থাকা একজন তাকে জিজ্ঞেস করেন তিনি উবার কল করেছেন কি না।

তিনি উবার ডাকেননি বললেও ওই ব্যক্তি জানান, অ্যাপসে তার ছবি দেখা যাচ্ছে। বিষয়টি যাচাই করতে গেলে গাড়িতে থাকা আরও তিনজন জোর করে তাকে গাড়ির ভেতরে তুলে নেন। এ সময় দুর্বৃত্তরা তাকে বুকে ও মাথায় আঘাত করেন। 

 

তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে আবিদ মার্কেটের পাশে একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথে নেওয়া হয়।

সেখানে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা তুলতে বাধ্য করা হয়। এছাড়া তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিং থেকে আড়াই হাজার টাকা নিয়ে মোট ৯৭ হাজার ৫০০ টাকা লুটে নেন তারা। তার মোবাইল ফোনের সিম খুলে ফোনটি ফরম্যাট করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

 

আবদুর রাজ্জাক আরও জানান, গাড়ির ভেতরে থাকা চার দুর্বৃত্ত তাকে এসিডে ঝলসে দেওয়ার এবং চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করার হুমকি দেন। এ সময় তিনি আকুতি-মিনতি করলে তারা তা না করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন।

গাড়ি থেকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা চিৎকার করে বলেন, পেছনে ফিরে তাকালে গুলি করা হবে।

 

এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


   আরও সংবাদ