ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ মার্চ, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, টঙ্গী বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ১২টি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই মার্কেটে থাকা হোমটেক্স, হার্ডওয়্যার, এলুমিনিয়াম, সাইকেল ও মনোহরীসহ ১২টি দোকান ও মালপত্র পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।